Advertisement
পারিশ্রমিকেও রাম-রাবণ যুদ্ধ! 'রামায়ণ'-এ গগনচুম্বী দর হাঁকান যশ-রণবীর, বাকিরা কত কোটি নিলেন?
৪ হাজার কোটি বাজেটের 'রামায়ণ'-এর জন্য কে কত কোটি পারিশ্রমিক হাঁকালেন? শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য!
'রামায়ণ'-এর বাজেট প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৪,০০০ কোটি টাকা। দেশের ইতিহাসে ইতিপূর্বে এত বেশি বাজেটে কোনও ছবি তৈরি হয়নি। সুতরাং, সেদিক থেকে রণবীর কাপুরের ‘রামায়ণ’ই ভারতীয় সিনেমার ইতিহাসে সবথেকে 'দামি' ছবি। কিন্তু এই বিপুল বাজেটের ছবিতে যশ, রণবীর কাপুর কিংবা সানি দেওল, কে কত পারিশ্রমিক নিলেন? ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়েছে।
পয়লা ঝলক উন্মোচনের পরই নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ নিয়ে বড় ট্য়ুইস্ট ফাঁস করেছেন রণবীর কাপুর। মেগাবাজেট এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কাপুরনন্দন। 'রাম'-এর পাশাপাশি বিষ্ণুর আরেক অবতার পরশুরামের ভূমিকাতেও রয়েছেন তিনি। অতঃপর 'রামায়ণ'-এর দুই পর্ব নিয়ে কত পারিশ্রমিক হাঁকালেন রণবীর? এমন কৌতূহল অস্বাভাবিক নয়!
বলিউড মাধ্যম সূত্রে খবর, ৪ হাজার কোটি বাজেটের 'রামায়ণ'-এর জন্য মোট ১৫০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন রণবীর কাপুর। সেটাও কোনওরকম লভ্যাংশ ছাড়া। বলিউডে ইতিহাসে ইতিপূর্বে আর কোনও তারকা লভ্যাংশ ব্যতীত এমন ডাকসাইটে পারিশ্রমিক হাঁকিয়েছেন কিনা, মনে করা দায়! নীতেশ পরিচালিত মহাকাব্যের একেকটা পর্বে অভিনয়ের জন্য ৭৫ কোটি টাকা করে নিয়েছেন রণবীর কাপুর।
পারিশ্রমিকের নীরিখে 'রাম'-এর পাশাপাশি পর্দার 'রাবণ'ও কম যান না! দক্ষিণী সুপারস্টার যশ এই সিনেমার অন্যতম আকর্ষণ। মূলত, দক্ষিণী বলয়ে ব্যবসার কথা মাথায় রেখেই 'কেজিএফ' তারকাকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে বলে খবর। তবে যশ যে পর্দায় দশাননের ব্যক্তিত্ব সুচারুভাবেই ফুটিয়ে তুলবেন, সেব্যাপারে নিশ্চিত ভারতীয় সিনেমহল।
রণবীরের কাস্টিং নিয়ে বিতর্ক তৈরি হলেও রাবণ-এর ভূমিকায় যশকে নিয়ে এযাবৎকাল কোনও কটাক্ষ, সমালোচনা ধেয়ে আসেনি। কানাঘুষো, কন্নড় সুপারস্টারও কিন্তু চড়া পারিশ্রমিক হাঁকিয়েছেন। 'কেজিএফ চ্যাপ্টার ওয়ান' এবং সিক্যুয়েলের ক্ষেত্রে যেখানে ৩০ থেকে ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, সেখানে নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যের একেকটা পর্বে অভিনয়ের জন্য ৫০ কোটি টাকা নিয়েছেন যশ। অর্থাৎ তাঁর মোট পারিশ্রমিক ১০০ কোটি।
তবে রাম-রাবণের তুলনায় সীতার পারিশ্রমিক কয়েক গুণ কম! ৪ হাজার কোটির 'রামায়ণ'-এ জনককন্যার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। দক্ষিণী সুন্দরীকে 'সীতা' লুকে দেখে হতবাক হয়ে গিয়েছিলেন খোদ রণবীর কাপুর। কাপুরনন্দন জানান, "সাই পল্লবীকে দেখেই বুঝেছিলাম, সীতার চরিত্রে ওকে ছাড়া আর কাউকে মানাবে না।" প্রথমটায় আলিয়া ভাটের অভিনয় করার কথা থাকলেও পরে সীতার চরিত্র দক্ষিণী নায়িকার ঝুলিতেই যায়।
সূত্রের খবর, সীতার ভূমিকায় অভিনয়ের জন্য ৬ কোটি করে পারিশ্রমিক নিচ্ছেন। সাই পল্লবী। অর্থাৎ 'রামায়ণ: পার্ট ওয়ান' এবং 'পার্ট ২'য়ের জন্য মোট ১২ কোটি টাকা নিয়েছেন দক্ষিণী সুন্দরী। কিন্তু প্রায় আড়াই মিনিটের ঝলকে কিনা মোটে একটি মাত্র দৃশ্যে দেখানো হল তাঁকে! ভক্তরা কিন্তু ইতিমধ্যেই সীতা মা'কে দেখার জন্য সুর চড়িয়েছেন।
'রামায়ণ'-এ হনুমানের ভূমিকায় বলিউডের 'গদর' তারকা সানি দেওল। লম্ফ-ঝম্ফতে সানি ওস্তাদ। গর্জনেও তাঁকে টেক্কা দেওয়া বেশ কঠিন। উপরন্তু ঢাঁয় কিলো কা হাত! এমন অভিনেতাই যে হনুমান হিসেবে পারফেক্ট, তা বলাই বাহুল্য। হনুমান জয়ন্তীতে প্রকাশ্যে আসা ঝলকে সানির 'মারুতি' অবতার দেখতে না পেয়ে বেজায় চটেছিলেন ভক্তরা। তবে সানি দেওল কিন্তু পারিশ্রমিকের নীরিখে যশ-রণবীরের থেকে খানিক পিছিয়েই।
'গদর ২'-এর সাফল্যের পরই নিজের দাম বাড়িয়েছেন সানি দেওল। খবর, এবার 'রামায়ণ'-এর দুই পর্বের জন্যে ২০ কোটি করে পারিশ্রমিক নিচ্ছেন সানি। অতঃপর দুই সিনেমা মিলিয়ে 'গদর' অভিনেতার পারিশ্রমিক দাঁড়াচ্ছে ৪০ কোটি টাকা।
মেগাবাজেট এই সিনেমায় লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন রবি দুবে। নীতেশ তিওয়ারির 'রামায়ণ'-এ সবথেকে কম পারিশ্রমিক পেয়েছেন তিনিই। বলিউড মাধ্যম সূত্রে খবর, একেকটা পর্বের জন্য ২ কোটি টাকা নিয়েছেন রবি। টেলি অভিনেতার মোট পারিশ্রমিক ৪ কোটি। যা কিনা যশ-রণবীরদের তুলনায় নস্যি হলেও রবির কেরিয়ারে এখনও পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক।
লক্ষ্মণের চরিত্রে অভিনয় করে রবি দুবে জানিয়েছিলেন, আমার জীবনের বড় সৌভাগ্য যে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করতে পেরেছি। তিনি যে বিগবাজেট সিনেমায় এহেন ডাকসাইটে চরিত্রে অভিনয় করছেন প্রথমটায় সেকথা স্ত্রী সরগুনকে জানাননি! ঝলক উন্মোচনের পরই এক সাক্ষাৎকারে সেকথা জানান টেলিঅভিনেতা। লক্ষ্মণের ভূমিকায় তাঁর লুকও ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।
Published By: Sandipta BhanjaPosted: 07:23 PM Apr 04, 2026Updated: 07:23 PM Apr 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
