Advertisement
বিয়ের আসরেই জ্ঞান হারান নীতু সিং, ছড়ায় আতঙ্ক! তারপর... ৪৬ বছর আগের ঘটনা ফাঁস করিশ্মার
সংগীতের মঞ্চে নীতু কাপুরের বিয়ের দিনের অজানা কাহিনি শেয়ার করলেন করিশ্মা কাপুর।
তারকাদের পরিবারের অন্দরমহলের খুটিনাটি জানতে কম-বেশি প্রত্যেকেই আগ্রহী। সম্প্রতি কাপুর পরিবারের হাঁড়ির খবর ফাঁস করলেন করিশ্মা কাপুর। ঋষি কাপুরের বিয়ের এক অজানা গল্প বললেন বেবো। নীতু কাপুরের সঙ্গে বিয়ের দিন কী ঘটেছিল?
সংগীতের রিয়্যালটি শো 'ইন্ডিয়ান আইডল সিজন ১৬'-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন করিশ্মা। সেখানেই হাটে হাঁড়ি ভেঙেছেন কাপুর তনয়া। বিয়ের আসরে নীতু কাপুরের জ্ঞান হারানোর সেই মুহূর্তের স্মৃতিচারণ করলেন করিশ্মা কাপুর।
কেন আচমকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন ঋষি ঘরনি? করিশ্মা জানান, তারকা পরিবারের বিয়েতে বলিউডের প্রায় সকলেই নিমন্ত্রিত ছিলেন। প্রচণ্ড ভিড়ে শরীরে অস্বস্তি শুরু হয়। তারপরই মাটিয়ে লুটিয়ে পড়েন নীতু। বিয়ের মুহূর্তে এইরকম ঘটনায় উপস্থিত সকলে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন। .
১৯৮০ সালের ২২ জানুয়ারির ঘটনা। এই দিন প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে সাত পাকের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নীতু কাপুর। এই দিনটি নিঃসন্দেহে কাপুর পরিবারের জন্য ছিল একটা বিশেষ দিন। তার মাঝেই এরকম একটা ঘটনায় সকলে একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল।
ইন্ডিয়ান আইডলের মঞ্চে দাঁড়িয়ে ৪৬ বছর আগের স্মৃতির সরণীতে হাঁটেন করিশ্মা। তিনি বলেন, "আজ একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। নীতু আন্টির বিয়েটা ছিল একেবারে তারকাখচিত একটা বিবাহ অনুষ্ঠান। এত মানুষের ভিড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন নীতু আন্টি। পরিবারের প্রত্যেকে প্রচণ্ড ভয় পেয়েছিলাম।"
করিশ্মা আরও বলেন, "নীতু আন্টির সঙ্গে সবসময় একটা ছোট্ট টিফন বক্স থাকে। বিরিয়ানির প্রতিও লোভ সম্বরণ করতে পারেন। আমরা তো নীতু আন্টির সঙ্গে এটা নিয়ে মজা করি। কিন্তু, সত্যি বলতে এই বয়সেও যেভাবে নিজেকে 'ফিট' রেখেছেন সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।"
ঋষি কাপুরের বিয়ের সময় করিশ্মার তখন কিশোরী। সেই দিনের স্মৃতিচারণ করে বলেন, "চিন্টু কাকা আর নীতু আন্টির বিয়ে দেখাটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের। আমি তো নতুন বউয়ের পাশে বসার অনেক চেষ্টা করেছিলাম। আমার মনে আছে, অনুষ্ঠানস্থলে যেন তারকার মেলা। পারিবারিক বিয়েতে অভিনেতা-অভিনেত্রীদের দেখে আমার ভীষণ মজা হয়েছিল।"
কাপুর পরিবার নিয়ে বেবোর সংযোজন, "আমার পরিবারের প্রত্যেকেই লেজেন্ড আর আমি সকলের ভক্ত। নীতু আন্টিও আমার কাছে ভীষণ স্পেশাল। আমাদের পরিবারে যে কজন নমস্য ব্যক্তি আছেন তাঁদের মধ্যে অবশ্যই নীতু আন্টি অন্যতম। ওঁর প্রাণবন্ত ইমেজটাই সকলের থেকে আলাদা করে দেয়। আজও আমি তাঁকে অনুসরণ করি।"
Published By: Kasturi KunduPosted: 08:40 PM Apr 05, 2026Updated: 08:40 PM Apr 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
