Advertisement
শহরজুড়ে যেন মেসির মরশুম... তিলোত্তমার প্রেমে মিশল ফুটবল, চায়ের ঠেকে ঝড় স্পেনভক্তদের
শহরজুড়ে স্ক্রিনিংয়ের ব্যবস্থা। পাড়ায় পাড়ায় সেলিব্রেশনের জন্য আগে থেকে বাজনা-ভাড়া। ডিজে নিয়ে নাচাগানা সবই চলছে। বেশিরভাগটাই আর্জেন্টিনা সমর্থকদের। তবে স্পেনভক্তরাও পিছিয়ে নেই।
কলকাতা। ভারতীয় ফুটবলের ভরকেন্দ্র। বিশ্বকাপ ফাইনাল বলে কথা, আর শহর কলকাতায় তার উন্মাদনা থাকবে না! তাও যদি সেই ফাইনালে আর্জেন্টিনার মতো মহাশক্তির উপস্থিতি থাকে, তাহলে তো কথাই নেই। ফাইনাল জ্বরে ইতিমধ্যেই কাবু শহর। ছুটির দিনে সারাদিন ধরেই যেন ফুটবলের উদযাপন চলছে। সেই সঙ্গে সঙ্গীর হাতে হাত রেখে চলছে প্রেমও।
ওয়ান লাস্ট ডান্স। সম্ভবত আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষে ম্যাচটা খেলতে নামছেন লিওনেল মেসি। তাই শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন মেসিভক্তরা। সকাল থেকে চায়ের কাপে, রোয়াকের আড্ডায় টপিক একটাই ফুটবল। স্কালোনির ট্যাকটিক্স কী হবে। কীভাবে তিনি আটকাবেন লামিনে ইয়ামালকে? স্পেনের রক্ষ্মণই বা কীভাবে ভাঙবেন মেসি। এসব আলোচনার মাঝেই হয়তো চোখে চোখে অন্য কথাও হতে পারে।
এ বছর কলকাতায় বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি যে মহল্লা সেজে উঠেছে, সেটা ফড়িয়াপুকুর। ফাইনালের সকালে সেই ফড়িয়াপুকুরে ভিড় জমিয়েছেন তরুণ তরুণীরা। পাড়ার প্রতিটি দেওয়াল যেন একেকটা সেলফি জোন। আড্ডা-গল্প আর সেলফির মধ্যে চলেছে ফুটবল আলোচনা। এসবের মধ্যে অবশ্য সঙ্গীর হাত ধরে হাঁটাটাও রয়েছে।
এই ফড়িয়াপুকুরের সেই দেওয়ালগুলি বঙ্গজ ফুটবলপ্রেমীদের জন্য এখন যেন তীর্থক্ষেত্রে। বিশ্বকাপের সময় পাড়াকে নিজেদের প্রিয় দলের রংয়ে রাঙিয়ে তোলাটা নতুন কিছু নয় বাঙালির কাছে। পাড়ার দেওয়ালে আঁকা প্রতিটা ছবির নেপথ্যে বিশেষ ভাবনা রয়েছে। নতুন করে ওই পাড়া সেজে উঠছে মেসির ছবিতে। সেই প্রতিটি দেওয়ালে এখনও ছবি তোলার ধুম।
বিশ্বকাপের ইতিহাসে ভারত কখনও মূল পর্বে খেলেনি। প্রতিবার দর্শক হিসেবেই থাকে আসমুদ্রহিমাচল। কিন্তু তাতে ভাঁটা পড়ে না বাঙালির ফুটবল প্রেমে। প্রতি চার বছরে এই দেড় মাস যেন নাগরিকত্ব বদলে ফেলে উৎসাহী জনতা। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা। ইতিউতি দেখা যায় জার্মানি-স্পেন-ইংল্যান্ড-ফ্রান্স অনুরাগী। এবার যেমন পর্তুগাল আর ব্রাজিল বহু আগে বিদায় নিয়েছে। তাই জার্সি বদলে এই দুই দেশের সমর্থকদের অনেকেই স্পেনভক্ত।
তবে সবচেয়ে বেশি প্রত্যাশিতভাবেই দেখা যাচ্ছে আর্জেন্টিনার ভক্ত। বলা ভালো মেসির ভক্ত। ইতিউতি তাকালেই কাউকে না কাউকে আর্জেন্টিনার জার্সি গায়ে ঘুরতে দেখা যাবে। তাদের প্রত্যেকের জার্সির পিছনে একটাই নাম লেখা। মেসি। নম্বর ১০। তরুণ-তরুণী, কপোত-কপোতি সবাই যেন আজ মেসি ভক্ত। এসবের মধ্যে জনা কয়েক স্পেন ভক্তকে দেখা যাচ্ছে। যাঁদের জার্সিতে হয়তো ইয়ামাল, রড্রিদের নামও রয়েছে। তাঁরাও জমি ছাড়ছেন না।
Published By: Subhajit MandalPosted: 07:21 PM Jul 19, 2026Updated: 08:42 PM Jul 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
