Advertisement
বল করবেন না গ্রিন-স্টার্করা, আইপিএলের পিঠে ছুরি মারছে অজি বোর্ড! নেপথ্যে সেই টাকার খেলা?
অজি ক্রিকেটারদের কিনে কি আসলে ফ্যাসাদে পড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলি? বিরাট অর্থ খরচ করে আদৌ কি লাভ হচ্ছে?
কোটি কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দলে নেওয়া হয়। ক্যামেরন গ্রিন থেকে শুরু করে মিচেল স্টার্ক- আইপিএলে সবচেয়ে বেশি দাম পাওয়া ক্রিকেটারদের তালিকায় জ্বলজ্বল করে তাঁদের নাম। কিন্তু সেই অজি বোর্ড কি বিসিসিআইয়ের পিঠে ছুরি মারছে?
চলতি বছর আইপিএলের একাধিক দলেই রয়েছেন অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটাররা। তার মধ্যে অন্যতম অজি পেস ত্রয়ী-জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। মেগা টুর্নামেন্ট শুরু হয়ে গেলেও তিনজনের কেউই মাঠে নামেননি। নেপথ্যে অজি বোর্ডের 'নির্দেশিকা'।
সাম্প্রতিক এই ঘটনাই শুধু নয়, আইপিএল নিয়ে গত বছর দুয়েক ধরেই অজি বোর্ডের তরফ থেকে খানিক 'অসহযোগিতা' হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এবারের আইপিএলে বোলার সংক্রান্ত নির্দেশিকা দিয়ে সেই 'শত্রুতা' আরও বাড়িয়ে তুলেছে অজি বোর্ড।
বিতর্কের সূত্রপাত ক্যামেরন গ্রিনকে নিয়ে। ২৫.২০ কোটি টাকা খরচ করে গ্রিনকে কেনে কেকেআর। কিন্তু প্রথম ম্যাচে তিনি বল করেননি। ম্যাচ হারতে হয় নাইটদের। হারের পর নাইট অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, অজি ক্রিকেট সংস্থার নির্দেশেই গ্রিনকে তিনি বল করাতে পারেননি।
অজিঙ্ক রাহানেকে পালটা দিয়ে বেশ আক্রমণাত্মক বিবৃতি দেয় অজি বোর্ড। সেখানে বলা হয়, কেকেআরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রথমদিকে বল করতে পারবেন না গ্রিন। শুধু তাই নয়, আগামী ১০-১২দিন বল করানো যাবে না গ্রিনকে দিয়ে। সেটা কেকেআর ম্যানেজমেন্টকেও জানিয়ে দেওয়া হয়েছে।
তারপর থেকেই প্রশ্ন উঠছে, অজি ক্রিকেটারদের কিনে কি আসলে ফ্যাসাদে পড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলি? বিরাট অর্থ খরচ করে আদৌ কি লাভ হচ্ছে? কারণ অজি ক্রিকেটারদের গুরুত্ব দিয়েই দলগুলি স্ট্র্যাটেজি বানাচ্ছে। কিন্তু প্রয়োজনের সময়ে অজি প্লেয়ারদের যথাযথভাবে ব্যবহার করা যাচ্ছে না।
কেবল গ্রিন নন, চলতি আইপিএলে একঝাঁক অজি ক্রিকেটারকে নিয়ে নির্দেশিকা জারি করেছে অজি বোর্ড। ১২.৫০ কোটি টাকায় কেনা জশ হ্যাজেলউড, ১৮ কোটি টাকায় কেনা প্যাট কামিন্স, ১১.৭৫ টাকায় কেনা মিচেল স্টার্ক-কাউকেই আইপিএলের প্রথম পর্বে বল করানো যাবে না বলে জানিয়ে দিয়েছে অজি বোর্ড।
নিলাম থেকে ৩ কোটি টাকায় অজি অলরাউন্ডার কুপার কনোলিকে কিনেছিল পাঞ্জাব কিংস। মঙ্গলবার পাঞ্জাবের জার্সিতে ব্যাট করে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়েছেন তিনি। ফিটনেস নিয়ে কোনও সমস্যা রয়েছে তাঁর, এমনটাও বোঝা যায়নি। কিন্তু অজি বোর্ডের নির্দেশে তিনিও আপাতত বল করতে পারবেন না।
ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে খবর, ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটের জন্য ফিট রাখতে তারা মরিয়া হয়ে উঠেছে। আগামী এক বছরে অজিরা অন্তত ২০টি টেস্ট খেলতে পারে। তার আগে আইপিএলে খেলতে গিয়ে সেরা পেসাররা যেন চোট না পায়, সেটা নিশ্চিত করতে চায় তারা।
Published By: Anwesha AdhikaryPosted: 09:02 PM Apr 01, 2026Updated: 09:02 PM Apr 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
