Advertisement
'বর্ষার রানি' কেরল, এই ৭ টি স্থানের স্বর্গীয় সৌন্দর্য আপনারই অপেক্ষায়
প্রকৃতির এই অনন্য রূপ ছেনে নিয়ে বুকের মধ্যে ধরে রাখতে চান? তাহলে কেরলে আপনাকে আসতেই হবে।
মেঘের মাদল বাজিয়ে বর্ষা এল। চারিদিকে শুধুই সুন্দরের মহোৎসব। সবুজ চাদরে ঢাকা পাহাড়। আর উথালপাথাল জলরাশি। বর্ষার রানি কেরল যেন এই সময় এক স্বর্গীয় আখ্যান। প্রকৃতির এই অনন্য রূপ ছেনে নিয়ে বুকে ধরে রাখতে চান? তাহলে কেরলে আপনাকে আসতেই হবে।
বর্ষার ছোঁয়ায় কেরলের অরণ্য, দিগন্তবিস্তৃত চায়ের বাগান আর ধানের খেত এক অদ্ভুত উজ্জ্বল রূপ নেয়। বৃষ্টির জল গায়ে মেখে প্রতিটি স্থান যেন সতেজ হয়ে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে এক নিখুঁত ক্যানভাস। এই সতেজ সবুজ দেখলে চোখের পলক পড়তে চায় না। মন জুড়িয়ে যায়।
রিমঝিম বৃষ্টির মধ্যে হাউসবোটে ভেসে চলার আনন্দই আলাদা। এই সময় ব্যাকওয়াটারের জল শান্ত থাকে। মেঘলা আকাশ আর দুলতে থাকা নারকেল গাছের প্রতিচ্ছবি ভাসে জলে। চারপাশের নিস্তব্ধতা আর বৃষ্টির মৃদু শব্দ মনের সব ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দেবে। এ এক পরম শান্তি।
বর্ষায় মুন্নারের মতো পাহাড়ি এলাকাগুলো নরম কুয়াশার চাদরে ঢেকে যায়। প্রতিটি বাঁক, উপত্যকা আর ভিউপয়েন্ট তখন এক স্বপ্নের দেশ। মেঘ আর পাহাড়ের এই লুকোচুরি খেলা দেখতে ভারী চমৎকার লাগে। ঠাণ্ডা হাওয়া আর ভেজা মাটির গন্ধ মনকে এক লহমায় তরতাজা করে তোলে।
বৃষ্টির জলে কেরলের জলপ্রপাতগুলো যেন ফুলেফেঁপে ওঠে। ঘন সবুজের বুক চিরে তীব্র গতিতে আছড়ে পড়ে জলরাশি। পাহাড়ের শীতল বাতাস আর জলকণার স্পর্শ এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে। প্রকৃতির এই রুদ্র অথচ সুন্দর রূপ সত্যি দেখার মতো। প্রাণবন্ত হয়ে ওঠে চারপাশ।
কেরলে বর্ষাকালকে আয়ুর্বেদিক চিকিৎসার জন্য সবচেয়ে সেরা সময় মনে করা হয়। এই মরশুমে আবহাওয়া আর্দ্র থাকে, যা শরীরের লোমকূপ খুলতে সাহায্য করে। বিভিন্ন ভেষজ তেল মালিশ আর থেরাপি শরীরকে রোগমুক্ত করে। মন ও শরীরকে নতুন করে চাঙ্গা করতে এর জুড়ি মেলা ভার।
Published By: Buddhadeb HalderPosted: 08:58 PM Jul 09, 2026Updated: 08:58 PM Jul 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
