Advertisement
কেরল প্রথম নয়, স্বাধীনতার পর বদলেছে দেশের বহু রাজ্যের নাম, দেখে নিন তালিকা
অরুণাচল থেকে অন্ধ্র, নাম বদলেছে বহু রাজ্যের। তালিকাটা অবাক করার মতো।
কেরলের নামবদলের প্রস্তাব সে রাজ্যের বিধানসভায় পাশ হয়েছিল সেই ২০২৪ সালে। ভোটের মুখে আচমকা সেই প্রস্তাবে ছাড়পত্র দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার একপ্রকার মাস্টারস্ট্রোক দিয়ে দিল।
আসলে এই নামবদলের ব্যাপারটা মালয়ালি অস্মিতার সঙ্গে সম্পৃক্ত। এবং মালয়ালিদের দীর্ঘদিনের দাবি। সেই দাবি অকস্মাৎ পূরণ করে দিয়ে বিজেপি সে রাজ্যের ‘ঘরের দল’ হয়ে ওঠার পথে খানিক এগিয়ে গেল তাতে সংশয় নেই।
তবে এ নিয়ে রাজনীতি যতই হোক, এই নামবদলের ব্যাপারটা ভারতের ইতিহাসে একেবারেই নতুন নয়। আজকের বহু রাজ্যই একটা সময় অন্য নামে পরিচিত ছিল। সেসব নাম বদলে দেওয়া হয়েছে। এই কেরলের নামও অতীতে বদলেছে।
আর সে সবই যে শুধুমাত্র বিজেপি জমানায় হয়েছে, তা-ও নয়। সেই স্বাধীনতার পর থেকেই একাধিক রাজ্যের নাম বদলেছে। মূলত ওই এলাকার ভাষা-সংস্কৃতি- ভৌগলিক অবস্থান এবং স্থানীয়দের দাবিকে গুরুত্ব দিয়ে।
স্বাধীনতার পর ভারতে প্রথমবার নাম বদলেছিল উত্তরপ্রদেশর। ১৯৫০ সাল পর্যন্ত দেশের বৃহত্তম এই রাজ্যটি ইউনাইটেড প্রভিন্স অব আগরা অ্যান্ড অউধ নামে পরিচিত ছিল। ১৯৫০ সালের ২৫ জানুয়ারি সেই নাম বদলে হল উত্তরপ্রদেশ।
এখন যেটা হায়দরাবাদ, সেটা এর আগে ইউনিয়ন অব ইন্ডিয়ার অংশ ছিল আলাদা রাজ্য হিসাবে। পরে ১৯৪৮ সাল নাগাদ তাকে অন্ধ্রের সঙ্গে ঢুকিয়ে নাম দেওয়া হয় হায়দরাবাদ। ১৯৫৬ সালে সেই রাজ্যের নাম বদলে রাখা হয় অন্ধ্রপ্রদেশ। পরে ২০১৪ সালে এই অন্ধ্র ভেঙে আবার তেলেঙ্গানা তৈরি হয়।
মধ্যপ্রদেশের এককালে নাম ছিল মধ্যভারত। ১৯৫৬ সাল নাগাদ তার মধ্যে বিন্ধ্য প্রদেশ ও ভোপালকে মিশিয়ে নতুন নাম রাখা হয় মধ্যপ্রদেশ। এর ভৌগলিক অবস্থানই রাজ্যটির এমন নামের কারণ।
ব্রিটিশ আমলের মাদ্রাজ প্রেসিডেন্সি, স্বাধীনতার পর তা বদলে হল শুধুই মাদ্রাজ রাজ্য। সেই বৃহৎ রাজ্যটি ছিল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেরালার কিছুটা অংশ নিয়ে। ১৯৫৩ সালে সেই মাদ্রাজ ভেঙে দেওয়া হয়। তেলুগুভাষীদের নিয়ে গড়ে ওঠে অন্ধ্রপ্রদেশ ও তামিলভাষীদের নিয়ে তৈরি হয় মাদ্রাজ। ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠন আইনের জোরে ফের ভাঙে মাদ্রাজ। তৈরি হল কেরল, মহীশূর ও মাদ্রাজ রাজ্য। ১৯৬৮ সালে শেষমেশ মাদ্রাজ রাজ্যের নয়া নাম হল তামিলনাড়ু।
এদিকে মহীশূর ১৯৫৬ সালে পেল নতুন নাম। সেটার নাম দেওয়া হয় কর্নাটক। কর্নাটকও একসময় অবিভক্ত মাদ্রাজের অংশ ছিল।
Published By: Subhajit MandalPosted: 11:38 PM Feb 24, 2026Updated: 11:38 PM Feb 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
