Advertisement
কেউ থেকেছেন আধপেটা, কেউ ভেজেছেন মুগুর! শরীর 'ভেঙে' পর্দায় বড় চমক দেবেন রামচরণ-শাহরুখ, কৃতীরা
নতুন সিনেমার জন্য কীভাবে চেহারায় আমূল বদল আনলেন বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির সেলেবরা? কড়া রুটিন জানলে চক্ষু চড়কগাছ হবে!
সিনেমার চরিত্রের প্রয়োজনে কত কী-ই না করেন তারকারা। এক সিনেমার শুট শেষ করে আরেক ছবির প্রস্তুতির জন্য শরীরী গড়ন ভেঙেচুরে নিজেদের ভিন্ন লুকে মেলে ধরেন। শাহরুখ-সলমন থেকে দক্ষিণের যশ-রামচরণ, এমনকী কৃতী শ্যাননও তাঁদের আসন্ন সিনেমার প্রয়োজনে শারীরিক গড়নে যে বদল এনেছেন, সেটা ভক্তমহলে সাড়া ফেলে দিয়েছে।
তালিকার প্রথমেই রামচরণ। 'পেড্ডি'র জন্য নিজেকে ভেঙেচুরে পালোয়ানের মতো শরীর গড়ন তৈরি করেছেন তিনি। যে লুক দেখে 'থ' ভক্তরা। ফার্স্ট লুকে কখনও গদা হাতে আবার কখনও বা মুগুড় ভাজতে দেখা গিয়েছে তাঁকে। তবে পালোয়ানের ভূমিকায় অভিনয়ের জন্য এহেন শরীরী গড়ন পেতে কম খাটুনি খাটতে হয়নি রামচরণকে! জানেন কীরকম কড়া রুটিনের মধ্য দিয়ে যেতে হয়েছে দক্ষিণী তারকাকে?
আট মাস ধরে রোজ ভোর সাড়ে পাঁচটায় উঠে সোজা চলে যেতেন আখাড়ায়। সেখানে কুস্তির পাশাপাশি মুগুড়ও ভাজতে হত। শুধু তাই নয়! পেশির পোক্ত গড়নের জন্য সিংহভাগ মানুষ যেখান প্রাণীজ প্রোটিনের দিকে হাঁটেন, সেখানে কয়েক মাস শুধু নিরামিষ খেয়েছেন রামচরণ। কারণ গদা চালানোয় পারদর্শী হতে হয়েছে তাঁকে। উপরন্তু আয়াপ্পা দীক্ষার জন্য ৪২ দিন নিয়ম পালনও করতে হয়। বাকিটা লুকেই দেখিয়েছেন রামচরণ।
'টক্সিক' যেহেতু পিরিয়ড ড্রামা, এক্ষেত্রে যশের দুটো লুক রয়েছে। আর সেই প্রেক্ষিতেই চেহারায় বদল আনার জন্য কয়েক মাস ধরে কসরত করতে হয়েছে দক্ষিণী তারকাকে। দ্বৈত ভূমিকায় ছবিতে কখনও 'রাফ অ্যান্ড টাফ' লুকে যশকে দেখা যাবে তো কখনও বা 'ক্লিন সেভ' লুকে। গ্যাংস্টার লুকে ইতিমধ্যেই সাড়া ফেলেছেন।
খবর, 'টক্সিক'-এর জন্য প্রথমে হাড়ভাঙা খাটুনি করে অ্যাবস বানাতে হয়েছিল যশকে। পরে আবার সেই সিনেমার জন্যেই ওড়ন কমিয়ে ছিপছিপে 'চার্মিং' লুক আনতে হয়েছে। কড়া ডায়েট, পরিমিত খাদ্যাভাস আর রোজকার শরীর চর্চাতেই ছক্কা হাঁকিয়েছেন যশ। এহেন ট্রান্সফরমেশন ক্যামেরার সামনে কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন? বাকিটা জানতে হলে ৪ জুন অবধি অপেক্ষা করতে হবে। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে 'টক্সিক'।
'রামায়ণ'-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। রামের চরিত্র আত্মস্থ করতে বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তোলেন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনিও করতে হয়েছে তাঁকে। 'রামের সুমতি'তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। 'রামায়ণ'-এর প্রস্তুতির সময়ে শুধু নিরামিষ আহার করেই থেকেছেন। টানা তিন বছর জিমে গিয়ে ঘাম ঝরাতে হয়েছিল রণবীরকে। টিজারে যে সুঠাম, সুদর্শন অবতার নজর কেড়েছে।
গোড়া থেকেই কাপুরনন্দনকে 'রাম' অবতারে দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। রঘুনন্দন বেশে অবশ্য আশাহত করেননি তিনি। দ্বৈত ভূমিকায় অভিনয়ের জন্য শরীরী গড়নে বদল এনেছিলেন। নীতেশ পরিচালিত ‘রামায়ণ’-এ রাম ব্যতীত আর কোনও ভূমিকায় দেখা যাবে রণবীরকে? ঝলক উন্মোচনের পর অভিনেতা জানান, এই সিনেমায় বিষ্ণুর আরেক অবতার পরশুরামের ভূমিকাতেও অভিনয় করেছেন রণবীর কাপুর। পর্দায় সেই অবতার দেখতে মরিয়া ভক্তরা।
'কিং' শারীরিক গঠনে আমূল পরিবর্তন এনেছেন শাহরুখ খান। 'ওম শান্তি ওম' সিনেমার জন্য সিক্স প্যাক অ্যাবস বানিয়েছিলেন। পরবর্তীতে 'পাঠান'-এও পেশিবহুল চেহারায় নজর কাড়েন। এবার 'কিং' ছবিতে তুখড় অ্যাকশন দৃশ্যের জন্যেও কড়া প্রস্তুতি নিয়েছেন বাদশা। যার মধ্যে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল কম সময়ে ওজন কমানো। বিদেশি স্টান্ট বিশেষজ্ঞদের থেকেও প্রশিক্ষণ নিয়েছেন বলে খবর।
তবে 'কিং'-এর জন্য শুধু নিজেই প্রশিক্ষণ নেননি। বরং মেয়ে সুহানা খানকেও প্রশিক্ষণ দিয়েছেন। খবর, প্রস্তুতির সময়ে দিনে একবার করেই খেতেন শাহরুখ খান। তাঁর 'সল্ট অ্যান্ড পিপার' লুকে ইতিমধ্যেই ভক্তমহলে ঝড় উঠেছে। এবার পেশির কেতায় পর্দায় কতটা ঝড় তোলেন, সেটা দেখার অপেক্ষা।
'মাতৃভূমি' সিনেমার জন্যে সলমন খানকেও হাড়ভাঙা খাটুনির মধ্য় দিয়ে যেতে হয়েছে। ছবিতে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে তাঁকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছেন ভাইজান। শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন রোজকার খাদ্যাভ্যাসেও। কেন জানেন?
কারণ লাদাখের রুক্ষ্ম পটভূমিতে হাড়কাঁপানো ঠান্ডায় 'মাতৃভূমি'র শুটিং করতে হয়েছিল সলমন খানকে। সেইজন্যেই বিবিধ শরীর চর্চার মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। কার্ডিও, ওয়েট ট্রেনিং করতে হয়েছে। ভাইজান নাকি এসময়ে কার্বোহাইড্রেট যুক্ত খাবার কিংবা ভাজাভুজি থেকে একেবারে শতহস্ত দূরে থাকতেন। ভাইজানের বাকি কসরত পর্দায় দেখার অপেক্ষা।
Published By: Sandipta BhanjaPosted: 06:47 PM Apr 16, 2026Updated: 06:47 PM Apr 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
