Advertisement
'ধুম ৪'-এ রণবীর! গুঞ্জনে মুখ খুললেন অভিনেতা, 'লাভ অ্যান্ড ওয়ার' নিয়েও দিলেন বড় আপডেট
এবছরের দীপাবলিতেই মুক্তি পাওয়ার কথা রণবীর-পল্লবী-যশের 'রামায়ণ পার্ট ওয়ান'।
'রামায়ণ'-এর প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা নভেম্বরে, দীপাবলির সময়। ছবিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। এখন থেকেই ছবিটি নিয়ে দুর্দান্ত হাইপ রয়েছে। কিন্তু এরই পাশাপাশি রণবীর-অনুরাগীদের কৌতূহল রয়েছে 'ধুম ৪' নিয়েও। ব্লকবাস্টার এই ফ্র্যাঞ্চাইজির নয়া ইনস্টলমেন্টে নাকি দেখা যাবে তাঁকে? এই গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন তিনি। 'লাভ অ্যান্ড ওয়ার' নিয়েও দিলেন বড় আপডেট।
সম্প্রতি সান দিয়েগোর কমিক-কনে দেখা গেল রণবীরকে। সঙ্গে পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা। ছিলেন 'রাবণ' যশও। আর সেই সময়ই রণবীর মুখ খুললেন 'ধুম' নিয়েও। এক ইউটিউব চ্যানেলের সঙ্গে কথা বলার সময় ওঠে ওই ছবির প্রসঙ্গ। তখনই রণবীর জানান, যশকে এরপর 'টক্সিক' ছবিতে দেখা গেলেও তিনি এখন 'ধুম' ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করছেন না।
'অ্যানিম্যাল' অভিনেতাকে বলতে শোনা যায়, ''না, আমি এখন 'রামায়ণ' আর 'লাভ অ্যান্ড ওয়ার'-এর মতো ছবি নিয়ে কাজ করছি। দ্বিতীয় ছবিটি পরিচালনা করছেন সঞ্জয় বনশালি। ছবিটা আগামী বছর ২৪ জানুয়ারি মুক্তি পাবে।'' বলে রাখা ভালো, ২১ জানুয়ারি নাগাদ ছবিটি মুক্তি পেতে পারে। এবার সেই কথাকেই মান্যতা দিলেন খোদ রণবীরও।
২০২৪ সালে এক বিনোদন ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ছবিতে নাকি রণবীরের সঙ্গে ছবিতে ভিকি কৌশলও রয়েছেন। কিন্তু এবার খোদ রণবীরই জানিয়ে দিলেন, তিনি মোটেই ওই ছবিতে এই মুহূর্তে কাজ করছে না। তবে ভবিষ্যতে এই ছবির অংশ তিনি হবেন না, এমন কথাও অবশ্য এখনও তিনি বলেননি।
আগ্রহ রয়েছে 'অ্যানিম্যাল পার্ক' নিয়েও। 'অ্যানিম্যাল'-এর সাফল্যের পর তার দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। কিন্তু রণবীর এদিন এই নিয়েও মুখ খোলেননি। ফলে জল্পনা জিইয়ে থাকলেও খোদ নায়ক বুঝিয়ে দিলেন, এখনই এই সব ছবি নিয়ে কিছু বলতে নারাজ তিনি। তবে বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম বছর দুয়েক আগে যে ছবি শেয়ার করেছিলেন তা নিয়ে জল্পনা রয়েছে।
মনে করা হচ্ছে, ওখানে রণবীরকে যে লুকে দেখা গিয়েছিল, সেটা ওই দুই ছবির মধ্যে কোনও একটিরই। এখন দেখার, জল্পনা সত্যি কিনা। প্রসঙ্গত, 'রামায়ণ'-এর ট্রেলার কবে মুক্তি পাবে তা নিয়েও নানা কথা শোনা যাচ্ছে। রণবীর, সাই পল্লবী, যশ অভিনীত ছবিটি নিয়েই আপাতত ভাবতে চান তাঁরা। তা স্পষ্ট হয়ে গিয়েছে এদিনের অনুষ্ঠানে।
Published By: Biswadip DeyPosted: 09:34 PM Jul 27, 2026Updated: 02:01 PM Jul 28, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
