Advertisement
ঝলকে ব্রাত্য থাকলেও চর্চায় 'রামায়ণে'র প্রমিলা বাহিনী, সীতা-মন্দোদরীর চরিত্রে কারা? চিনে নিন
কোন অভিনেত্রীদের হাত ধরে সীতা থেকে শূর্পণখারা জীবন্ত হয়ে উঠবে পর্দায়? দেখে নিন।
নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ'-এর ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই ৪ হাজার কোটি বাজেটের এই সিনেমা নিয়ে চর্চার অন্ত নেই। কেউ 'রাম' রণবীর কাপুরে মুগ্ধ তো কেউ বা 'রাবণ'রূপী যশকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকেছেন! এমনকী দশাননের 'পুষ্পকরথ'ও নেটপাড়ার আতশকাচে। কিন্তু 'রামায়ণ'-এর মহিলা চরিত্রদের ঝলকে না দেখালেও তাঁদের নিয়ে কৌতূহলের অন্ত নেই।
'রামায়ণ'-এর অন্যতম চালিকাশক্তি এই মহাকাব্যের নারীচরিত্ররা। বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্বে এই মহিলা চরিত্ররাই সাত কাণ্ডের মহাকাব্যকে এগিয়ে নিয়ে গিয়েছেন। অতঃপর সেই মহাকাব্ যখন সিনেমার পর্দায়, তখন তার নারী চরিত্রদের নিয়ে আলাদা কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক। দেবী লক্ষ্মীর অন্যতম অবতার সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী।
শুটিংয়ের সময়ে সেট থেকে ফাঁস হওয়া ছবিতে দক্ষিণী নায়িকার স্নিগ্ধ রূপ চোখ জুড়িয়েছিল। সেই প্রেক্ষিতেই টিজারে তাঁকে দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। কিন্তু প্রায় আড়াই মিনিটের ঝলকে মোটে একটি মাত্র দৃশ্যে সীতাকে রাখা হয়েছে। সেটাও আবার রামের চরিত্রের ব্যাকগ্রাউন্ড হিসেবে। 'ব্লার' করে। প্রশ্ন উঠেছে, 'রামায়ণ'-এর ঝলকে কেন সীতা'কে ব্রাত্য রাখা হল?
রাজা দশরথের কনিষ্ঠা মহিষী এবং ভরতের জননী কৈকেয়ী এই মহাকাব্যের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। নীতেশ তিওয়ারির মেগাবাজেট সিনেমায় যে ভূমিকায় অভিনয় করেছেন লারা দত্ত। রামকে বনবাসে পাঠানোর নেপথ্যে তিনিই। ছবিতে রণবীরের সৎ মায়ের চরিত্রে কেমন দেখাবে তাঁকে? সেট থেকে লুক পাঁস হয়েছিল ঠিকই, তবে ছবিতে কৈকেয়ীর চরিত্রে লারাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।
রামজননী কৌশল্যার ভূমিকায় ইন্দিরা কৃষ্ণণ। যে নারীচরিত্র শান্ত ও স্থিরতার প্রতীক। টেলিপর্দা থেকে সিনেমার পর্দায় বরাবর ভিন্নস্বাদের চরিত্রে নজর কেড়েছেন ইন্দিরা। 'রামায়ণ'-এ রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করে মুগ্ধতাও প্রকাশ করেছিলেন। এই সিনেমায় ইন্দিরা কৃষ্ণণের কাস্টিং কিন্তু বলিউডেও আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
রাবণের অর্ধাঙ্গিনী তথা লঙ্কার রানি হিসেবে মন্দোদরীর ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুন্দরী কাজল আগরওয়াল। দূরদৃষ্টি সম্পন্ন এই নারীচরিত্র মহাকাব্যের অন্যতম গুরুত্বপূর্ণ নারীচরিত্র। নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ'-এ 'কেজিএফ' স্টার যশের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। কারণ এই ছবিতে দশাননের ভূমিকায় অভিনয় করেছেন যশ। সেই প্রেক্ষিতে দক্ষিণী জুটিকে রাবণ-মন্দোদরীর ভূমিকায় যে দিব্যি মানিয়ে যাবে, তা বলাই বাহুল্য।
রাবণের বোন শূর্পণখার ভূমিকায় দীর্ঘদিন ধরেই রকুলপ্রীত সিংয়ের কথা শোনা যাচ্ছে। যদিও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে কানাঘুষো, নীতেশ, নমিত মালহোত্রা এই বলিউড সুন্দরীকেই নির্বাচন করেছেন সংশ্লিষ্ট চরিত্রে। বনবাসকালে রাম-লক্ষ্মণের সঙ্গে কীভাবে সাক্ষাৎ হয় শূর্পণখার? সেই কাণ্ডই 'রামায়ণ'-এ দেখা যাবে বলে খবর।
'রামায়ণ'-এর অন্যতম গুরুত্বপূর্ণ নারীচরিত্র মন্থরা। কৈকেয়ীর দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গিনী। রামকে বনবাসে পাঠানোর জন্য কোন মন্ত্রবলে কৈকেয়ীকে প্রভাবিত করেছিলেন মন্থরা? এহেন ধূসর চরিত্রে নীতেশের ছবিতে অভিনয় করেছেন সীমা চাড্ডা। সীমা বরাবরই দক্ষ অভিনেত্রী। 'রামায়ণ'-এ কতটা নজর কাড়বেন? চোখ থাকবে সেদিকে।
২০২৬ সালের দিওয়ালিতে মুক্তি পাবে ‘রামায়ণ’-এর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দিওয়ালিতে আসার কথা। প্রভাসের ‘আদিপুরুষ’ বিতর্ক থেকে শিক্ষা নিয়ে নীতেশ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, “নতুন রামায়ণ আশা করি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না।” কিন্তু টিজারেই যে ছবি বিতর্ক উসকে দিল, রিলিজ পরবর্তী অধ্যায়ে তা কোনদিকে যায়? নজর থাকবে সেদিকে।
Published By: Sandipta BhanjaPosted: 09:47 PM Apr 03, 2026Updated: 09:47 PM Apr 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
