Advertisement
মোহে রং দে... আদরে-আবিরে মাখামাখি দেব-রুক্মিণী, উত্তরবঙ্গে আর কী করলেন যুগল?
দেবের গালে গোলাপি আবির রুক্মিণীর। তুলেছেন একসঙ্গে গোলাপি মুখের সেলফিও। সেই ছবি আচমকা দেখলে দেব-রুক্মিণীকে চেনা দায়।
আদরে-আবিরে মাখামাখি দেব-রুক্মিণী। উত্তরবঙ্গে দোলের আগের দিন রঙে রঙে রঙিন হলেন তারকাজুটি। আসলে উত্তরবঙ্গে টানা ১৫ দিন শুটিংয়ে ব্যস্ত দেব। সেখানেই চলছিল ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং। এই ছবির সুবাদেই পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হকের জীবনী ফুটে উঠবে পর্দায়। একথা কারও অজানা নয়। গত ১৩ ফেব্রুয়ারি কলকাতায় ছবির মহরৎ সারার পর ১৫ ফেব্রুয়ারি থেকে উত্তর বঙ্গে শুরু হয়েছিল শুটিং।
১৩ ফেব্রুয়ারি, শুক্রবার ছবিটির শুভ মহরত সেরেছিলেন দেব। বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিল ছবির গোটা টিম। একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে দেব লেখেন ‘নতুন যাত্রা-নতুন শুরু’। সেখানেই দেখা গিয়েছিল বাইক অ্যাম্বুল্যান্স দাদা ছবির পোস্টার।
উত্তরবঙ্গে ১৫ দিন পর শেষ হল ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং। ঠিক দোলের আগের দিন শেষ হয়েছে শুটিং। আর তাই রঙ খেলা মাস্ট। শুটিং শেষে টিমের সকলের সঙ্গে প্রাক-দোল উৎসবে মাতেন সুপারস্টার দেব।
নিজের সোশাল মিডিয়ায় তারই একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। তবে যা সবথেকে বেশি নজর কেড়েছে তা হল মনের মানুষ রুক্মিণীর সঙ্গে তাঁর রঙ বিনিময়ের ছবি।
দেবের গালে গোলাপি আবির মাখিয়ে দিয়েছেন রুক্মিণী। শুধু তাই নয়, দু'জনে একসঙ্গে গোলাপি মুখের সেলফিও তুলেছেন। সেই ছবি আচমকা দেখলে দেব-রুক্মিণীকে চেনা দায়। রুক্মিণী পরেছেন সাদা লুজ ফিট শার্ট, দেব পরেছেন উজ্জ্বল হলুদ রঙের টি-শার্ট।
উত্তরবঙ্গে শেষ দিনে শুটিংয়ের ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে দেব লিখেছেন, 'নর্থ বেঙ্গলের শুটিং শেষ, হ্যাপি হোলি' সঙ্গে হ্যাশট্যাগে জুড়েছেন সংক্ষেপে 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' ছবির নাম।
উত্তরবঙ্গের ডুয়ার্স-সহ মালবাজার, চালসা, মেটেলির মতো জায়গায়। ছবিতে দেব ছাড়াও রয়েছেন রুক্মিণী মৈত্র-সহ শুভাশিস মুখোপাধ্যায় প্রমুখ। এদিন ছবির শুটিং শেষে রঙ খেলা সেরে একসঙ্গে ছবি তোলে 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' টিম।
জলপাইগুড়ি জেলার এক অখ্যাত গ্রাম রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা করিমুল হক। তিনি ‘অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত। শহর থেকে বহু দূরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের চিকিৎসার প্রয়োজনে নিজের বাইককেই অ্যাম্বুল্যান্সের মতো ব্যবহার করেন করিমুল।
Published By: Arani BhattacharyaPosted: 09:01 PM Mar 02, 2026Updated: 09:01 PM Mar 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
