Advertisement
বিশ্বকাপের নকআউটে সর্বোচ্চ রান, ছক্কাতেও রেকর্ড! সঞ্জুদের ব্যাটে সেমিতে হল এক ডজন নজির
সবচেয়ে বেশিবার বিশ্বকাপের ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া।
রুদ্ধশ্বাস থ্রিলার। শেষ ওভার পর্যন্ত নাটক। দু'দলের ক্রিকেটারদের হার-না-মানা মনোভাব। তবে সব শেষে ভারতের ক্রিকেটভক্তদের মুখে হাসি। ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের টিকিট পেয়ে গেলেন সূর্যকুমার যাদবরা। আর এই ম্যাচে তৈরি হল অসংখ্য নজির।
ভারত প্রথমে ব্যাট করে তোলে ২৫৩ রান। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪৬ রানে। অর্থাৎ দু'দল মিলিয়ে রান উঠল ৪৯৯ রান। এর আগে বিশ্বকাপের কোনও নকআউট টি-টোয়েন্টি ম্যাচে কখনও এত রান ওঠেনি।
নক আউটে ম্যাচের নিরিখেও রেকর্ড করল ভারত। ২০১৪ সালে রোমানিয়ার বিরুদ্ধে একটি নকআউট টুর্নামেন্টে ২৪৪ রান করেছিল ইটালি। আর সেখানে ভারত থামল ২৫৩ রানে। তারপরই এই ম্যাচের নিরিখে স্থান ইংল্যান্ডের।
টি-টোয়েন্টিতে এই নিয়ে ছ’বার ২৫০ বা তার বেশি রান করল ভারতীয় দল। আর কোনও দল টি-টোয়েন্টিতে এত বার ২৫০ বা তার বেশি রান করতে পারেনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সানরাইজার্স হায়দরাবাদ পাঁচ বার ২৫০ বা তার বেশি রান করেছে।
২০০৭, ২০১৪, ২০২৪ এবং ২০২৬। এই নিয়ে চার বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। এর আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ইংল্যান্ড তিন বার করে ফাইনাল খেলেছে। অর্থাৎ বিশ্বের অন্য কোনও দল চার বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যায়নি।
আইসিসি'র কোনও টুর্নামেন্টে ভারত ১৫ বার ফাইনাল খেলবে। আর কোনও দল এতোবার ফাইনালে খেলেনি। এর আগে অস্ট্রেলিয়া ১৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছে। সেই রেকর্ড ভেঙে দিল ভারত।
ভারত ম্যাচ জিতলেও জ্যাকব বেথেলকে নিয়ে প্রশংসা চলছে। ১০৫ রানে আউট হন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির। ৪৬ বলে সেঞ্চুরি করেন তিনি। তবে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি তার আগের দিনই ইডেনে ফিন অ্যালেন ৩৩ রানে করেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ১৯টি ছক্কা মেরেছেন ভারতীয় ব্যাটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এটা যুগ্মভাবে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড। এর আগে ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডস এবং এই বিশ্বকাপেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ১৯টি করে ছক্কা হাঁকায়।
তিন ধরনের ক্রিকেটেই শতরান করেছেন বেথেল। ২২ বছর ১৩৩ দিনের মধ্যেই এই নজির গড়েছেন তিনি। তবে এই তালিকায় ইংরেজ ব্যাটার আছেন তৃতীয় স্থানে। তাঁর উপরে আছেন ব্রায়ান বেনেট (২১ বছর ৩২৪ দিন) ও পাকিস্তানের আহমেদ শেহজাদ (২২ বছর ১২৭ দিন)।
Published By: Arpan DasPosted: 02:33 PM Mar 06, 2026Updated: 02:33 PM Mar 06, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
