Advertisement
নতুন টেস্ট-টোয়েন্টি ফরম্যাটে চমক, একই সঙ্গে একই দলে খেলবেন পুরুষ ও মহিলারা, কীভাবে?
টেস্ট-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্যোক্তাদের দাবি, এতদিন ক্রিকেটে লিঙ্গসাম্যের কথা বহুবার বলা হলেও বাস্তবে সেটা সম্ভব হয়নি। এই প্রথম প্রকৃত অর্থে লিঙ্গসাম্য তুলে ধরা হবে ক্রিকেট মাঠে।
ক্রিকেট জগতে লিঙ্গসাম্য নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। বহু আলোচনা হয়েছে। নারী-পুরুষ সাম্য আনার জন্য বিভিন্ন দেশের বোর্ড উদ্যোগও নিয়েছে। পুরুষদের ফ্র্যাঞ্চাইজি লিগের ধাঁচে মহিলাদের লিগ হয়েছে। মহিলাদের বিশ্বকাপের প্রচার-পুরস্কার মূল্য বেড়েছে। আর্থিকভাবেও সাম্য আনার জন্য বিসিসিআইয়ের মতো বোর্ড ম্যাচ ফি সমান করার কথা ঘোষণা করেছে।
এত কিছু সত্ত্বেও নারী এবং পুরুষের ক্রিকেটের বিভেদ ঘোচানো গিয়েছে কি? প্রশ্নটা রয়ে গিয়েছে। আসলে এই উদ্যোগগুলির কোনওটিতেই নারী এবং পুরুষকে একত্রিত করে ভাবা হয়নি। যে বোর্ড বা যে সংস্থা মহিলা ক্রিকেটের উন্নতির কথা ভেবেছে, প্রত্যেকের ভাবনাই ছিল নারী ও ক্রিকেটের মধ্যে সমান্তরাল দূরত্ব বজায় রেখে। অর্থাৎ আলাদাভাবে মেয়েদের ক্রিকেটের উন্নতির কথা ভাবা হয়েছে।
এই প্রথম সম্ভবত একই সঙ্গে একই দলে নারী ও পুরুষকে ক্রিকেট খেলানোর কথা ভাবছে একটি সংস্থা। ইতিমধ্যেই টেস্ট-টোয়েন্টি ফরম্যাটের কথা অনেকে জেনে গিয়েছেন। গোটা বিশ্বের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে টেস্ট-টি-২০ ফরম্যাটের সংমিশ্রণে তৈরি একটি ফরম্যাটের টুর্নামেন্টের কথা ভেবেছে এক সংস্থা। ওই টুর্নামেন্টে একই সঙ্গে একই টিমে খেলবেন পুরুষ ও মহিলারা।
আগে জেনে নেওয়া যাক এই টেস্ট-টোয়েন্টি ফরম্যাট কী? এটি মূলত টেস্ট আর টি-টোয়েন্টির মিশ্রণ। ১৩ থেকে ১৯ বছর বয়সী তরুণ ক্রিকেটারদের জন্য বানানো হয়েছে টেস্ট টোয়েন্টি। মূলত উঠতি ক্রিকেটারদের টেস্ট ও টি-২০ দুই ফরম্যাটের অভিজ্ঞতা দিতে এই লিগের উদ্যোগ।
এখানে ২০ ওভারের দুটি করে ইনিংস খেলবে প্রতিটি দল। সাদা পোশাকে, লাল বলে, এক দিনেই শেষ হবে ম্যাচ। অর্থাৎ প্রতিটি ম্যাচ হবে ৮০ ওভারের। টেস্টের মতো এখানেও প্রথম ইনিংসের স্কোর যোগ হবে দ্বিতীয় ইনিংসে। ফল হতে পারে জয়, হার, টাই কিংবা ড্র।
অন্যান্য আইনকানুনের মধ্যে, প্রতিটি দল একটি মাত্র পাওয়ারপ্লে নিতে পারবে, প্রথম বা দ্বিতীয় ইনিংস-যখন খুশি। ৪ ওভার স্থায়ী এই পাওয়ারপ্লেতে ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবে মাত্র দুই ফিল্ডার। যদি দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারের মধ্যে অধিনায়ক পাওয়ারপ্লে কখন নেবেন সেই সিদ্ধান্ত না জানান, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সপ্তম থেকে দশম ওভার পর্যন্ত চলবে পাওয়ারপ্লে। বাকি নিয়ম কমবেশি একই।
আয়োজকদের প্রাথমিক টার্গেট অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা ছিল টেস্ট-টোয়েন্টি টুর্নামেন্টের। ছয়টি গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। এর মধ্যে তিনটি দল হবে ভারতের শহরভিত্তিক এবং বাকি তিনটি দল দুবাই, লন্ডন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে। যদিও এখনও টুর্নামেন্ট নিয়ে বিশেষ অগ্রগতি হয়নি।
নতুন এই সংস্করণের ধারণা নিয়ে এসেছেন ক্রীড়া উদ্যোক্তা ও দ্য ওয়ান ওয়ান সিক্স নেটওয়ার্কের সিইও গৌরব বহিরবানি। এই উদ্যোগের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন একাধিক কিংবদন্তি। তালিকায় রয়েছেন স্যার ক্লাইভ লয়েড, ম্যাথু হেডেন, এবি ডি'ভিলিয়ার্স এবং হরভজন সিং। তাঁদের দাবি, ২০২৭ সালের শুরুতেই টুর্নামেন্ট শুরু হবে।
এরপরই আসল টুইস্ট। আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন, ওই টেস্ট-টোয়েন্টি ফরম্যাটে একই সঙ্গে একই দলে খেলবেন পুরুষ ও মহিলারা। এবং পুরুষ ও মহিলা দুই লিঙ্গের ক্রিকেটাররাই সমান গুরুত্ব পাবেন। অর্থাৎ স্রেফ প্রতিনিধিত্বের জন্য মহিলাদের নেওয়া হবে না। তাঁরা পুরুষদের সমান অংশিদারিত্বের সুযোগ পাবেন।
এমন নয় যে পুরুষেরা মহিলাদের বিরুদ্ধে খেলবেন বা দুই লিঙ্গের ক্রিকেটাররা একসঙ্গে মাঠে নামবেন। আসলে টেস্ট-টোয়েন্টির উদ্যোক্তারা চাইছেন, নতুন ফরম্যাটে যে দুটি ইনিংস খেলা হবে, সেই দুটি ইনিংসে খেলবে দুই লিঙ্গের দল।
ধরা যাক একটি ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে খেলবে, সেই ফ্র্যাঞ্চাইজিকে একই সঙ্গে একটি মহিলা ও একটি পুরুষ দল বানাতে হবে। টেস্ট-টোয়েন্টি যেহেতু দুই ইনিংসের খেলা, সেই দুই ইনিংসের একটি ইনিংস খেলবে পুরুষদের দল, আরেকটি ইনিংস খেলবে মহিলাদের দল। অর্থাৎ একটি ইনিংস খেলা হবে দুই ফ্র্যাঞ্চাইজির পুরুষ দলের মধ্যে এবং আরেকটি ইনিংস খেলা হবে দুই ফ্র্যাঞ্চাইজির মহিলা দলের মধ্যে।
Published By: Subhajit MandalPosted: 04:53 PM May 15, 2026Updated: 04:53 PM May 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
