Advertisement
ক্রিকেটে নতুন ইতিহাস, প্রথমবার পুরুষদের জাতীয় দলে মহিলা কোচ, সাহসী পদক্ষেপ কোন দেশের?
খেলার দুনিয়ায় মহিলা দলকে কোচিং করাচ্ছেন পুরুষরা, এমন উদাহরণ রয়েছে ভূরি-ভূরি।
খেলার দুনিয়ায় মহিলা দলকে কোচিং করাচ্ছেন পুরুষরা, এমন উদাহরণ রয়েছে ভূরি-ভূরি। পুরুষ কোচের অধীনে মহিলা খেলোয়াড়রা বহু সাফল্যও পেয়েছেন। কিন্তু উলটো ঘটনাটা খুবই বিরল।
পুরুষদের দলের কোচিং করাচ্ছেন মহিলা ক্রীড়াবিদ, এমনটা সচরাচর দেখা যায় না। ক্রিকেটদুনিয়াতে তো কোনওদিনই দেখা যায়নি যে পুরুষদের জাতীয় দলের সঙ্গে রয়েছেন মহিলা কোচ। সেই ছবিটাই এবার বদলাতে চলেছে।
বুধবার ইংল্যান্ড বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়, পুরুষদের জাতীয় দলের কোচিং স্টাফ হিসাবে যোগ দিচ্ছেন সারা টেলর। ইংল্যান্ডের মহিলা ক্রিকেটের অন্যতম কিংবদন্তিকে এবার দেখা যাবে ফিল্ডিং কোচের ভূমিকায়।
ইংল্যান্ড বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট রব কি জানিয়েছেন, "কোচ হিসাবে সারার পারফরম্যান্স অনবদ্য। যেভাবে উনি নিজের কাজটা করেন, সেটা আমাদের খুবই আকর্ষণীয় লেগেছে। বর্তমানে সেরা কোচদের মধ্যে সারা অন্য়তম।"
উল্লেখ্য, প্রথম মহিলা হিসাবে কোনও পুরুষদের জাতীয় দলের কোচ হচ্ছেন সারা। ক্রিকেটদুনিয়ায় এই ঘটনা আগে কখনও ঘটেনি। আপাতত নিউজিল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সারাকে। কতদিনের জন্য তিনি কোচ থাকবেন, তা এখনও জানা যায়নি।
২০১৯ সালে ক্রিকেট থেকে অবসর নেন সারা। তার বছরদুয়েক পর থেকেই কোচিং শুরু করেন। প্রথম থেকেই পুরুষদের দলের সঙ্গে কাজ করেছেন তিনি। ফলে কোচিং কেরিয়ারের শুরু থেকে একের পর এক ইতিহাস গড়েছেন।
ইংল্যান্ডের প্রথম মহিলা কোচ হিসাবে তিনি কাজ শুরু করেন সাসেক্সে। কাউন্টি ক্রিকেটে প্রথমবার পুরুষদের দলে দেখা যায় কোনও মহিলা কোচকে। সাসেক্স থেকেই কোচিং জীবন শুরু সারার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও পুরুষদের দলে প্রথম মহিলা কোচ হওয়ার নজির রয়েছে সারার। টি-১০ লিগে আবু ধাবির পুরুষ দলের ফিল্ডিং কোচ ছিলেন তিনি।
টি-১০ লিগের পর সারা পা রাখেন ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে। সেখানে ফিল্ডিং কোচ হিসাবে যোগ দেন ম্যাঞ্চেস্টার অরিজিনালসে। সেখান থেকেই ইংল্যান্ডের জাতীয় দলের সঙ্গে সারার যোগাযোগ বাড়ে।
Published By: Anwesha AdhikaryPosted: 05:52 PM May 14, 2026Updated: 05:52 PM May 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
