Advertisement
প্রতারণা করতে ছাড়ে না প্রতারক! দ্বিতীয়বার প্রেমে পড়ার আগে সাবধান হোন এই উপায়ে
সম্পর্কে জড়ানোর আগে সাবধান হোন। নিজের ফুলের মতো নরম মন যাঁকে দিচ্ছেন, তিনিই সত্যিই খাঁটি সোনা তো, পরখ করে নিন।
কারোর সঙ্গে মন দেওয়া নেওয়া হতেই পারে। তবে সেই সম্পর্কের শক্ত বুননের প্রাথমিক শর্তই বোধহয় বিশ্বাস। একে অপরের সম্পর্কে বিশ্বাস না থাকলে তা বোধহয় বেশিদিন চলতে পারে না। যেকোনও মুহূর্তে সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে।
আপনার মনের মানুষ বিশ্বাসঘাতকতা করলে, সে আঘাত সহ্য করা যেন দুষ্কর। অন্য কোনও মানুষকে বিশ্বাস করতে গেলেই বিশ্বাসঘাতকের কালো স্মৃতি যেন মনকে ছিঁড়ে খেতে আসে। তার ফলে নতুন সম্পর্কে জড়ানোয় হয়ে যায় দুষ্কর।
তাই সম্পর্কে জড়ানোর আগে সাবধান হোন। যাঁকে মন দিচ্ছেন, তিনি আদৌ বিশ্বস্ত কিনা, তা পরখ করে নিন। কারণ, সাম্প্রতিক সমীক্ষায় যে তথ্য পাওয়া গিয়েছে তা বেশ উদ্বেগজনক। সমীক্ষা বলছে, প্রতারক নাকি কোনওদিনই প্রতারণা করতে ভোলেন না।
মোট ৪৮৪ জন অবিবাহিত যুগলকে নিয়ে সমীক্ষা করা হয়। আর তাতেই দেখা গিয়েছে, যে প্রতারণা করে, সে নাকি নিজেকে বদলানোর মোটেও চেষ্টা করে না। পরিবর্তে বারবারই প্রতারণা করে। অনেক সময় নাকি তাঁরা সম্পর্কের শুরু থেকেই প্রতারণার আশ্রয় নেন। তথ্য বলছে, যিনি একবার সম্পর্কে প্রতারণা করেন, তিনি নাকি পরপর তিনবার একই কাজ করেন।
শুধু তাই নয়। যাঁরা প্রতারণার শিকার হন তাঁরাও নাকি বারেবারে ঠকে যান। হৃদয়ভাঙা ওই মানুষটির সঙ্গে কমপক্ষে চারবার একই ঘটনা ঘটতে পারে। তার ফলে বিশ্বাস হারাতে হারাতে একসময় মানুষের প্রতি আস্থা হারিয়ে ফেলেন প্রতারিত। সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে অজানা আতঙ্ক যেন গ্রাস করে তাঁকে।
আবার প্রতারিতরা নাকি অমূলক সন্দেহও করতে থাকেন। তার কুপ্রভাব পড়ে নতুন সম্পর্কে। তার ফলে বহুক্ষেত্রেই দেখা যায় স্রেফ সন্দেহের বশে সম্পর্ক গিয়ে পৌঁছয় খাদের কিনারা। আবার কখনও কখনও কাচের আয়নার মতো চুরমার হয়ে যায় সম্পর্ক। এমন সমস্যা তৈরি হলে অবশ্যই সঙ্গীর সঙ্গে কথা বলুন। অযথা দু'জনের মাঝে সমস্যা যাতে তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখুন।
এখন প্রশ্ন হল, একজন ব্যক্তি বারবার কেন প্রতারণা করেন? বিশেষজ্ঞদের মতে, তার হাজারও কারণ রয়েছে। তবে অন্য়তম আবেগজনিত অসন্তোষ, মানসিক স্থিতির অভাব। ব্যস্ত জীবনে দেখা যায় সঙ্গীকে হয়তো সময় দেওয়া সম্ভব হয় না, তার ফলে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে।
আবার অনেক সময় একই সম্পর্কে একঘেয়েমি চলে আসতে পারে। তার ফলে কেউ কেউ প্রতারণার পথ বেছে নেন। শুধুমাত্র নিজের ইগোর সমস্যার ফলেও প্রতারণা করেন কেউ কেউ। সঙ্গীর উপর রাগ বা প্রতিশোধ নিতে অনেকে প্রতারণা করেন।
Published By: Sayani SenPosted: 09:25 PM May 14, 2026Updated: 09:25 PM May 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
