Advertisement
ঘুরতে যাওয়ার আগে এই ভুলগুলোই করে থাকেন পর্যটকরা, না জানলে ভ্রমণের আনন্দটাই মাটি!
বাঙালির পায়ের তলায় সর্ষে। সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে দে-ছুট! কিন্তু শুধু দুর্দান্ত ডেস্টিনেশন আর বিলাসবহুল হোটেল বুক করলেই কি কেল্লাফতে?
বাঙালির পায়ের তলায় সর্ষে। সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে দে-ছুট! কিন্তু শুধু দুর্দান্ত ডেস্টিনেশন আর বিলাসবহুল হোটেল বুক করলেই কি কেল্লাফতে? একদম নয়! সামান্য কিছু ভুলচুক কিন্তু পুরো ট্রিপের বারোটা বাজিয়ে দিতে পারে। আনন্দ আর চরম বিপদের মাঝের দেওয়ালটা আসলে ভীষণ পাতলা। তাই ঘুরতে যাওয়ার আগে নিজের সুরক্ষা পাকা করতে কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন? জেনে নিন ঝটপট।
‘যদি লাগে’— এই ভেবে ব্যাগ বোঝাই করার অভ্যাস অনেকেরই আছে। অপ্রয়োজনীয় পোশাক কিংবা অতিরিক্ত জুতোয় লাগেজ ভারী হয়। ফলে দূরযাত্রায় স্রেফ হাঁটাচলাই কষ্টকর হয়ে ওঠে না, বিমান কিংবা ট্রেনে অতিরিক্ত মাশুল গোনার ঝুঁকিও থেকে যায়। হালকা ব্যাগে সফর অনেক বেশি মসৃণ ও স্বস্তিদায়ক। গন্তব্যে পৌঁছেও বহু প্রয়োজনীয় জিনিস কেনা সম্ভব।
এক দিনে চার-পাঁচটা স্পট কভার করার তাগিদ ভ্রমণকে ক্লান্তিকর বানিয়ে তোলে। ঘড়ির কাঁটা ধরে দৌড়োতে গিয়ে কোনও জায়গার নিজস্ব মেজাজ উপভোগ করা সম্ভব হয় না। এতে মানসিক চাপ বাড়ে। দিনের সূচিতে কিছুটা ফাঁক রাখা বুদ্ধিমত্তার পরিচয়। প্রতিটি শহরের একটা নিজস্ব ছন্দ থাকে, যা বুঝতে শান্ত পরিবেশ ও পর্যাপ্ত সময় প্রয়োজন।
হঠাৎ বৃষ্টি বা তীব্র রোদের পূর্বাভাস না জেনে বেরোলে চরম ভোগান্তি নিশ্চিত। তেমনই পরিচয়পত্র, পাসপোর্ট বা ভিসার ডিজিটাল ও কাগজের কপি না রাখা বড় বিপদ ডেকে আনতে পারে। নথিপত্র হারিয়ে গেলে ভিনদেশে সহায় সম্বলহীন হওয়ার আশঙ্কা থাকে। তাই আবহাওয়ার পূর্বাভাস দেখে পোশাক বা ছাতা সঙ্গে রাখা এবং গুরুত্বপূর্ণ নথির অতিরিক্ত কপি গচ্ছিত রাখা আবশ্যক।
সব কিছুতেই মোবাইলের ওপর অতিরিক্ত ভরসা করতে যাবেন না যেন!। পাহাড়ি পথে কিংবা প্রত্যন্ত অঞ্চলে ব্যাটারির চার্জ শেষ হওয়া বা নেটওয়ার্ক চলে যাওয়া অতি পরিচিত দৃশ্য। পাওয়ার ব্যাংক সঙ্গে না থাকলে অথবা অফলাইন ম্যাপ ডাউনলোড করা না থাকলে অচেনা পথে পথ হারানোর ভয় ষোলো আনা। প্রযুক্তির পাশাপাশি সামান্য ব্যাকআপ প্রস্তুতি সবসময় সঙ্গে রাখা জরুরি।
নতুন জায়গায় স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার মজাই আলাদা। কিন্তু রাস্তার অস্বাস্থ্যকর খাবার ট্রাই করলে পেটের সমস্যা হতেই পারে। সফরের মাঝপথে অসুস্থতা মানেই পুরো আনন্দটাই মাটি। একই সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে একটানা গাড়ি চালানো বা সফর করা মারাত্মক ভুল। শরীর ও পেটের যত্ন না নিলে আনন্দের ছুটি হাসপাতালে শেষ হতে পারে।
অজানাকে জানতে গিয়ে সেখানকার সামাজিক ও আইনি নিয়মকে ভুলে গেলে চলবে না। ড্রেস কোড না মানা, অননুমোদিত জায়গায় ড্রোন ওড়ানো কিংবা ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানার কোপে পড়বেন। পাশাপাশি সফরকালে ট্রাভেল ইন্স্যুরেন্স না করা বড় ভুল। চিকিৎসা, ফ্লাইট বাতিল কিংবা লাগেজ হারানোর ধাক্কা সামলাতে বিমা কিন্তু আপনার পরম বন্ধু।
সব দৃশ্যই ক্যামেরার লেন্সে বন্দি করার অতিরিক্ত তাড়নায় ভ্রমণের আসল মুহূর্তগুলো চোখ এড়িয়ে যায়। লেন্সের ওপারে দাঁড়িয়ে থাকা ফ্রেমের চেয়ে চোখের সামনে ভেসে ওঠা দৃশ্যপট বহুগুণ সুন্দর। ছবি তোলা স্মৃতির অংশ হলেও, প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার অনুভূতি ক্যামেরা দিতে পারে না। তাই লেন্স সরিয়ে কিছুটা সময় নিজের চারপাশের প্রকৃতিকে শুধু পরখ করুন। ভালোবাসুন প্রকৃতির আত্মীয়তাকে।
Published By: Buddhadeb HalderPosted: 08:30 PM Aug 24, 2026Updated: 08:30 PM Aug 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
