হোয়াটসঅ্যাপ তো ব্যবহার করেন সকলেই। কিন্তু অনেকেই আছেন যারা ডিসপ্লে পিকচার ফাঁকাই রাখেন। সেখানে কোনও ছবি থাকে না। যা নতুন করে কাউকে মেসেজ করলে বেশ সমস্যার। ছবি না থাকায়, কে মেসেজ করেছে, তা বুঝতে একটু সমস্যা হয় বইকী! এছাড়া চ্যাটের সময় ডিসপ্লে ছবি না থাকলে অস্বস্তি বোধও করেন অনেকে। সেই সমস্যা এবার সমাধানের পথে। ইউজারদের জন্য দারুন এক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এবার উলটোদিকের লোকটার ডিসপ্লে ছবি দেওয়া না থাকলেও তার ছবি দেখতে পাবেন আপনি। শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, এমনটাই জানিয়েছে জুকারবার্গের সংস্থা।
ব্যাপারটা ঠিক কী? সংস্থার তরফে জানানো হয়েছে, যাদের হোয়াটসঅ্যাপে ডিসপ্লে ছবি দেওয়া নেই তাঁদের ছবিও দেখা যাবে। ভাবছেন তো কীভাবে? স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যাদের সঙ্গেই চ্যাট করা হয় তাঁদের সকলের নম্বরই সেভ করা থাকে। বর্তমানে কন্টাক্টের সঙ্গে লিংক করা থাকে জিমেল অ্যাকাউন্ট। ফলে সকলেরই ছবি দেখা যায় কন্টাক্ট লিস্টে। যাদের হোয়াটসঅ্যাপে ডিপি থাকবে না, তাঁদের ক্ষেত্রে কন্টাক্টে থাকা ছবিই ভেসে উঠবে প্রোফাইল ছবি হিসেবে।
অনেকেরই প্রশ্ন, এতে গোপনীয়তা বিঘ্নিত হবে না? সংস্থা স্পষ্টভাবে জানিয়েছে এতে ইউজারদের তথ্য চুরি বা এই জাতীয় কোনও সমস্যা হবে না। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ফিচার আনার চিন্তাভাবনা করা হয়েছে। তবে এই মুহূর্তে পরীক্ষামূলকভাবে এই ফিচারটি চালানো হচ্ছে। পরবর্তীতে সকলেই এই ফিচারের সুবিধা পাবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন যদি কেউ আপনাকে ব্লক করে থাকে সেক্ষেত্রে এই ফিচার কাজ করবে না।
