এখন ঘুম থেকে ওঠা থেকে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত সকলেই সোশাল মিডিয়ায় অ্যাকটিভ। স্কুল-কলেজ থেকে অফিস, সামান্য ফাঁকা সময় পেলেও প্রায় প্রত্যেকে নজর রাখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টায়। বিভিন্ন ইস্যুতে কমেন্ট বক্সে তরজাও জমে ওঠে এই প্ল্যাটফর্মগুলোতে। কিন্তু ইনস্টাগ্রামে এতদিন একটা সমস্যা ছিল, একবার কমেন্ট করে ফেললে তা আর চাইলেও ঠিক করা যেত না। সেক্ষেত্রে কমেন্ট ডিলিট করে পুনরায় করা ছাড়া কোনও অপশন ছিল না। এবার সেই সমস্যা সমাধানের পথে। এবার দারুণ এক ফিচার আনছে ইনস্টাগ্রাম।
ব্যাপারটা ঠিক কী? জানা যাচ্ছে, এবার মিলবে ইনস্টাগ্রামের কমেন্ট এডিট করার সুযোগ। অর্থাৎ ধরুন আপনি কারও পোস্টে কিছু কমেন্ট করলেন। দেখলেন টাইপিংয়ে কিছু ভুল হয়েছে বা বক্তব্য পরিবর্তনের ইচ্ছে হচ্ছে। সেক্ষেত্রে আর সমস্যার কিছু নেই। ফেসবুকের মতোই এবার ইনস্টাগ্রামেও মিলবে এডিটের অপশন। তবে হ্যাঁ, এক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই ফিচারের জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়। কমেন্ট করার পর ১৫ মিনিট পর্যন্তই মিলবে এডিটের অপশন। জানা গিয়েছে, আপনি এডিট করে শেষ যে বক্তব্যটি রাখবেন শুধুমাত্র সেটাই দেখতে পাবে সকলে।
উল্লেখ্য, ফেসবুক-হোয়াটসঅ্যাপের মতো ইনস্টাগ্রামও বরাবর ইউজারদের জন্য বিভিন্ন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। আগামীতে ইনস্টাগ্রাম তাদের মেসেজিং পরিষেবায় এক বড়সড় পরিবর্তন হতে চলেছে। আগামী ৮ মে থেকে ইনস্টাগ্রামে বন্ধ হতে চলেছে ডিফল্ট ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ব্যবস্থা। মেটার এই আকস্মিক সিদ্ধান্তে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে দানা বেঁধেছে গভীর উদ্বেগ। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ কারিগরি কারণে এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বদল আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কি সাধারণ মানুষের গোপনীয়তা সম্পূর্ণভাবে বিঘ্নিত হবে? বিশেষজ্ঞ মহলের মতে, বিষয়টি ততটাও আশঙ্কাজনক নয়। এনক্রিপশন বন্ধ হওয়া মানেই এই নয় যে হ্যাকারদের জন্য দরজা খুলে দেওয়া হল।
