রাজ্য-রাজনীতিতে যখন 'হাওয়া বদল' তখন বাংলা ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'র ভাগ্যবদল। হ্যাঁ, জুনের দ্বিতীয় সপ্তাহে ফের বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল জি বাংলার এই অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। ঝুলিতে এসেছে ৫.৩ পয়েন্ট। উল্লেখ্য, গত সপ্তাহে ৫.১ পয়েন্ট নিয়ে পয়লা স্থান দখল করেছিল এই মেগা। চলতি সপ্তাহেও নিজের স্থান অপরিবর্তিত রাখল 'জোয়ার ভাঁটা' তা বলাই বাহুল্য।
ধারাহিকতা বজায় রেখে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। একনজরে দেখে নেওয়া যাক দর্শকের পছন্দের নিরিখে সেরা দশের তালিকায় ঠাঁই পেল কোন কোন মেগা। দ্বিতীয় স্থানে জোড়া সাফল্য। ৪.৮ পয়েন্ট সহযোগে দ্বিতীয় স্থানাধিকারী 'পরশুরাম' ও 'প্রতিজ্ঞা'। প্রথম তিনের শেষে অর্থাৎ তৃতীয় স্থানাধিকারী 'তারে ধরি ধরি মনে করি'। এই মেগার মোট নম্বর ৪.৭ পয়েন্ট।সম্প্রচারের পরই ছক্কা হাঁকাল নতুন সিরিয়াল 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'।
অনুরাগের ছোঁয়া শেষ হওয়ার পর এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন স্বস্তিকা ঘোষ। এছাড়াও রয়েছেন জগদ্ধাত্রী খ্যাত সৌম্যদীপ মুখোপাধ্যায় তথা স্বয়ম্ভু। নতুন জুটিকে ঘিরে মেগার দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। নতুন সিরিয়ালের প্রাপ্তি ৪.৬ পয়েন্ট। নম্বরের নিরিখে চলতি সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'।
পঞ্চমে স্থান দখল করেছে 'কমলা নিবাস', মোট নম্বর ৩.৫ পয়েন্ট। ষষ্ঠে 'সংসারের সংকীর্তন'। চলতি সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছে ৩.১ পয়েন্ট। সপ্তম স্থানাধিকারী 'কুসুম', মোট প্রাপ্তি ২.৮। টিআরপি তালিকার সেরা দশের শেষ তিনে অর্থাৎ অষ্টম, নবম আর দশম স্থান দখলকারী ধারাবাহিক কোনগুলি? ২.৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বিরাজমান 'শুধু তোমারই জন্য'। নবমে 'সাত পাকে বাঁধা', এই সিরিয়ালের মোট প্রাপ্তি ১.৯ পয়েন্ট। আর দশমে ভাগ্যে শিকে ছিঁড়ল 'রাঙামতি তিরন্দাজ'-এর। এই মেগার সম্বল ১.৪ পয়েন্ট।
