shono
Advertisement
Rahul Banerjee Death

রাহুলের মৃত্যুর ২১ দিন পার, তদন্ত কতদূর এগোল? প্রশ্ন তুললেন অভিনেত্রী রূপালি

সমুদ্রের অতল গ্রাসে রাহুলের মৃত্যুর পর কেটে গিয়েছে সপ্তাহখানেক। বাংলা, ওড়িশা মিলিয়ে দুই রাজ্যে এফআইআর দায়ের হয়েছে। সেই মৃত্যুতদন্ত কতদূর এগোল? প্রশ্ন তুলে ন্যায়বিচারের দাবিতে সরব সহকর্মী-অভিনেত্রী রূপালি ভট্টাচার্য।
Published By: Sandipta BhanjaPosted: 06:46 PM Apr 20, 2026Updated: 07:25 PM Apr 20, 2026

গত ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee Death)। পেশার টানে আউটডোরে শুট করতে ঘরের ছেলের আর ঘরে ফেরা হয়নি। রাহুলের মৃত্যু দুর্ঘটনা, গাফিলতি না ষড়যন্ত্র? গোড়া থেকেই এমন প্রশ্ন উঁকি দিয়েছে প্রযোজনা সংস্থার অসংলগ্ন উত্তরে। এরপর দিন কয়েক টলিউডের অন্দরে দফায় দফায় মিটিং, প্রতিবাদী মিছিলের ঝড় উঠলেও বর্তমানে সব চুপ! এদিকে রাহুলের মৃত্যুতে বাংলা, ওড়িশা মিলিয়ে দুই রাজ্যে এফআইআর দায়ের হয়েছে। সেই মৃত্যুতদন্ত কতদূর এগোল? অভিনেতার প্রয়াণের একুশ দিন পর প্রশ্ন তুললেন সহকর্মী-অভিনেত্রী রূপালি ভট্টাচার্য।

Advertisement

২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

সমুদ্রের অতল গ্রাসে রাহুলের মৃত্যুর পর কেটে গিয়েছে সপ্তাহখানেক। এখনও স্পষ্টভাবে জানা যায়নি, ঠিক কীভাবে প্রাণ গেল অভিনেতার? আর্টিস্ট ফোরামের তরফে গলফগ্রিন থানায় এফআইআর দায়ের করার পর সেই রাতেই প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে ওড়িশার উদ্দেশে উড়ে যান সিনেইন্ডাস্ট্রির দুই অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেডের প্রধান লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী, প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী-সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এরপর দু' সপ্তাহ পেরলেও রাহুলের মৃত্যুতদন্ত অভিযান কোন দিকে গড়াল? সেই উত্তর অধরা। এবার সেই প্রশ্ন তুলেই প্রয়াত সহকর্মীর ন্যায়বিচারের দাবিতে সরব রূপালি ভট্টাচার্য।

"একুশ দিন পর রোগী সুস্থ হয়ে ওঠে। কিন্তু আমাদের রোগমুক্তির কোনও লক্ষণ এখনও দেখতে পাচ্ছি না। শুনছি তদন্ত হচ্ছে। কিন্তু কবে জানতে পারব,...।" 

রূপালির প্রশ্ন, "আজ ২১ দিন। যে কোনও ভাইরাসের ম্যাক্সিমাম সময়কাল বলা হয়, এই সময়কে। একুশ দিন পর রোগী সুস্থ হয়ে ওঠে। কিন্তু আমাদের রোগমুক্তির কোনও লক্ষণ এখনও দেখতে পাচ্ছি না। শুনছি তদন্ত হচ্ছে। কিন্তু কবে জানতে পারব, আমাদের রাহুলকে কেন চলে যেতে হল? কে দেবে উত্তর? কবে দেবে? আর কতদিন পরে?" ক্ষোভ উগড়ে দিয়ে অভিনেত্রীর সংযোজন, যতদিন না সত্যিটা সামনে আসছে আরও অনেকের মতো আমিও একজন বন্ধু-সহকর্মী এবং গুণমুগ্ধ হিসেবে আরও সব কাজের পাশাপাশি এই উত্তরটাও জানার চেষ্টা করে যাব।"

'জাস্টিস ফর রাহুল' মিছিলে টলিউড।

খবর, অভিযোগপত্রে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ধারাবাহিকের শুটিংয়ের সময় কলাকুশলীদের সামনেই রাহুলের মৃত্যু হয়েছে। দুঃসংবাদ প্রকাশ্যে আসার পর তিনি জানতে পারেন শুটিংয়ের সময় কোনও অনুমতি নেওয়া হয়নি। প্রয়োজনীয় নিরাপত্তাবিধিও মানা হয়নি। যে জায়গাটিতে শুটিং চলছিল সেখানে চোরাবালি এবং জোয়ারের ফলে বিপদের আশঙ্কা ছিল। তা প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত সকলে জানা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ প্রিয়াঙ্কার। অভিনেতা ঘরনির দাবি, প্রোডাকশন হাউস এই ঘটনায় নিজেদের দায় ঝাড়তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবরণ দিয়েছে। সেই মর্মেই পুলিশের দ্বারস্থ হয়ে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু একুশ দিন পেরিয়েও রাহুলের মৃত্যুতদন্তের কোনও তথ্য প্রকাশ্যে না আসায় প্রশ্ন তুললেন রূপালি ভট্টাচার্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement