shono
Advertisement
Fairy Khel

দু'দিনে ১০ এপিসোডের শুটিং, কবে আসছে শ্যামৌপ্তি-ঐন্দ্রিলা-ঐশ্বর্যর ছকভাঙা সিরিজ 'ফেয়ারি খেল'?

সম্পর্কের ভাঙাগড়া বন্ধুত্বের ম্যাজিক নিয়ে আসছে ভার্টিক্যাল ড্রামা সিরিজ 'ফেয়ারি খেল'। বন্ধুত্ব, সম্পর্ক, আবেগ এবং এক চিমটি ম্যাজিকের মিশ্রণেই এগবে সিরিজের গল্প।
Published By: Kasturi KunduPosted: 04:26 PM Apr 19, 2026Updated: 04:30 PM Apr 19, 2026

ডিজিটাল কনটেন্টের দুনিয়ায় নিত্যনতুন আঙ্গিকে গল্প বলার প্রবণতা ক্রমশই বাড়ছে। সেই ধারাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবার এসে গেল নতুন ভার্টিক্যাল ড্রামা সিরিজ 'ফেয়ারি খেল'। 'সোল সিনস' প্রযোজনা সংস্থার ব্যানারে এই সিরিজ পরিচালনার দায়িত্বে পরিচালক দীপঙ্কর দে। চলতি মাসেই ইউটিউবে মুক্তি পাবে দশ এপিসোডের এই নতুন সিরিজ 'ফেয়ারি খেল'। টলিপাড়ার একঝাঁক অভিনেতা অভিনেত্রীর সম্বন্বয় ঘটেছে এই সিরিজে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্যামৌপ্তি মুদলি, ঐন্দ্রিলা বসু ও ঐশ্বর্য সেন। এছাড়াও 'ফেয়ারি খেল'এ দেখা যাবে টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ ঋষভ চক্রবর্তী ও সৌভিক বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের উপস্থিতি এই গল্পকে আরও সমৃদ্ধ করেছে বলেই মনে করছেন পরিচালক-প্রযোজক।

Advertisement

বন্ধুত্ব, সম্পর্ক, আবেগ এবং এক চিমটি ম্যাজিকের মিশ্রণেই এগবে 'ফেয়ারির খেল'র গল্প। দর্শকের স্বাদ বদল করতে পরিচালক দীপঙ্কর দে নিয়ে আসছেন এই নতুন ভার্টিক্যাল সিরিজ। নির্মাতাদের আশা, 'ফেয়ারি খেল' দর্শকদের হৃদয় স্পর্শ করবে এবং ডিজিটাল কনটেন্টের দুনিয়াকে এক নতুন দিশা দেখাবে।

এই সিরিজ প্রসঙ্গে ঐন্দ্রিলা বসু জানান, "ফেয়ারি খেল নামটার মধ্যেই তো একটা ম্যাজিক আছে। গল্পে মোট পাঁচজনের চরিত্র। যারা ঘটনাচক্রে পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের জীবনে এমন কিছু পরিবর্তন আসে যার ফলে অনেক অমীমাংসিত বিষয়ের সমাধান হয়ে যায় খুব সহজেই। ঝগড়া, ভালোবাসা, খুনসুটি, বিচ্ছেদের সঙ্গে অল্প ম্যাজিকের মিশেলে তৈরি হয়েছে এই সিরিজ।"

ইউটিউবে মুক্তি পাবে দশ এপিসোডের এই নতুন সিরিজ 'ফেয়ারি খেল'

কাজের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রীর সংযোজন, "এই প্রজেক্টটা আমাদের কাছে একদম নতুন একটা অভিজ্ঞতা। আমরা সকলে মিলে গল্পটা তৈরি করেছি এবং মাত্র দু’দিনে ১০টি এপিসোডের শুটিং সম্পন্ন করেছি যা সত্যিই আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ ছিল। তবে বন্ধুদের ভালোবাসা এবং কাজের প্রতি টিমের একাগ্রতার জন্যই অসম্ভবকে সম্ভব করতে পেরেছি।"

শ্যামৌপ্তি বলেন, "এটা মনের কাছের একটা কাজ। কারণ আমরা তিনজনই বহুদিনের বন্ধু। অনেকদিন ধরেই ভাবছিলাম একসঙ্গে কিছু একটা করব। এই প্রজেক্টের মাধ্যমে অভিনয়ের বাইরে গিয়েও নিজেদের নতুনভাবে সকলের সামনে মেলে ধরার সুযোগ পেয়েছি। পোশাক ডিজাইন, সেট, এডিট সর্বক্ষেত্রে আমরা নিজেদের মতো করে কাজ করেছি। সর্বোপরি আমার চরিত্র নিয়ে খুবই উত্তেজিত। দর্শক এর আগে কখনও আমাকে এই অবতারে দেখেননি।"

ইউটিউবে মুক্তি পাবে দশ এপিসোডের এই নতুন সিরিজ 'ফেয়ারি খেল'

তিন বন্ধুর মধ্যে আরেকজন ঐশ্বর্য সেন। তিনি জানান, "ফেয়ারির খেল আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা। বন্ধুদের সঙ্গে কাজ করলে একটা ইতিবাচক মানসিকতা তৈরি হয় যেটা এই প্রজেক্টে পুরোপুরি ছিল। প্রথমে একটু দ্বিধা ছিল কিন্তু, ঐন্দ্রিলার ভাবনা ও সাহস আমাদের সেই দ্বিধা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। গল্পটা শোনার পর থেকেই আমার মনে হয়েছিল এই কাজটা করতেই হবে। অনেক বাধা পেরিয়ে আমরা কাজটা শেষ করেছি, এবার বাকিটা দর্শকদের হাতে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement