ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেই এবার ওমানকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, “ওমান যদি সঠিক আচরণ না করে, তাহলে ওদের উড়িয়ে দেব।”
কিন্তু আচমকা কী হল? জানা গিয়েছে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই ওমানকে হুমকিবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বক্তব্য, হরমুজ খোলা নিয়ে যদি ওমান ইরানের পাশে দাঁড়ায়, তাহলে ভয়ংকর পরিণতি হবে মধ্যপ্রাচ্যের দেশটির। ওমানে হামলা চালাতে পিছপা হবে না ওয়াশিংটন। বুধবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটি আন্তর্জাতিক জলপথ। অন্য দেশগুলির মতোই ওমানকে আচরণ করতে হবে, নাহলে আমরা ওদের উড়িয়ে দেব। ওরা মনে করছে, ওদের কিছু হবে না। এটা ভুল ধারণা।”
এদিকে বুধবার রাত থেকেই ইরানে হামলা শুরু করেছে আমেরিকা। পালটা জবাব দেয় তেহরানও। কুয়েতের মার্কিন ঘাঁটিতে তারা বোমাবর্ষণ করেছে বলে সূত্রের খবর। তবে ঘটনায় কোনও হতাহতের খবর এখনও মেলেনি। ইরানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার রাত ১টা ৩০মিনিটের পর থেকেই ইরানের বন্দর আব্বাস শহরের কাছে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই ইরানি সেনা এবং সে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্তা জানিয়েছেন, হরমুজের কাছে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। তাঁর দাবি, ওই অঞ্চলে আমেরিকার জন্য নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি তৈরি হয়েছিল। সেখানে মার্কিন জাহাজগুলিতে হামলার পরিকল্পনা করছিল ইরান। তা বানচাল করতেই অভিযান।
