সংস্কৃত কোর্সের প্রচারে ভারতীয় সংস্কৃতিকে অপমানের অভিযোগ উঠল হার্ভার্ড বিশ্ববিদ্য়ালয়ের বিরুদ্ধে। অনভিপ্রেত এই ঘটনার জন্য ক্ষমা চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদের জেরে হার্ভার্ডের সাউথ এশিয়ান স্টাডিজ বিভাগ গভীর দুঃখ প্রকাশ করে। ঠিক কী নিয়ে বিতর্ক?
সংস্কৃত কোর্সের প্রচারের জন্য ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্য়ালয়। ওই ছবি সংস্কৃত তথা হিন্দুত্বকে বিকৃত ভাবে সামনে এনেছে বলে অভিযোগ ওঠে। পাঠ্যক্রমের প্রচারে একটি শিল্পকর্ম ব্যবহার করেছিল বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজ বিভাগ। 'মাস্টার অফ পাপেটস' শিরোনামের এই শিল্পকর্মটি তৈরি করেছিলেন ভারতীয় শিল্পী অনিরুদ্ধ সাইনাথ। দাবি করা হয়েছিল যে চিত্রকর্মটি মহাভারত এবং ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার থিমে তৈরি। তবে হিন্দু সংগঠনগুলির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ব্যবহৃত ছবিটি সংস্কৃত ভাষা এবং হিন্দু ধর্মকে আপত্তিকরভাবে তুলে ধরেছে। এই আবহে 'কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা' নামক একটি সংগঠন তীব্র প্রতিবাদ শুরু করে। এতেই পিছু হঠল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, আমাদের সংস্কৃত প্রোগ্রাম নিয়ে একটি স্পর্শকাতর ছবি পোস্ট করায় আমরা গভীরভাবে দুঃখিত। আমাদের বিভাগের সংস্কৃত শেখানোর দীর্ঘ ইতিহাস রয়েছে এবং আমরা এই ভাষা এবং এর সঙ্গে যুক্ত বৌদ্ধিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য সব ধরনের পদক্ষেপ করা হবে। হিন্দু সংগঠনগুলি হার্ভার্ডের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছে।
