shono
Advertisement
Iran

দুবাইয়ের পর কুয়েত, মধ্যপ্রাচ্যজুড়ে অব্যাহত ইরানের আক্রমণ! বেইরুটে ইজরায়েলের হামলায় মৃত ৪

রবিবার ভোরে বেইরুটের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। তেল আভিভের দাবি, কয়েকজন ইরানি কামান্ডারকে খতম করার জন্য এই হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের দাবি করেছে, ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১০।
Published By: Subhodeep MullickPosted: 10:55 AM Mar 08, 2026Updated: 10:55 AM Mar 08, 2026

দুবাইয়ের পর কুয়েতে মুহুর্মুহু ড্রোন হামলা ইরানের। ঘটনায় দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, কুয়েত বিমানবন্দরে আছড়ে পড়েছে ইরানি ড্রোন। অন্যদিকে, রবিবার ভোরে লেবাননের রাজধানী বেইরুটে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েলে। সেই ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা বহু।

Advertisement

শনিবার ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা প্রতিবেশীদের উপর হামলা চালাবে না। কিন্তু ২৪ ঘণ্টা কাটার আগেই সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তেহরান। শনিবার রাতেই দুবাইয়ের মেরিনা টাওয়ারে ড্রোন হামলা চালায় ইরান। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। এরপর রবিবার সকালে কুয়েতে বিমানবন্দরেও হামলা চালায় তেহরান। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, হামলায় বিমানবন্দরে একটি জ্বালানির ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ফলে বিমানবন্দরের একটি বড় অংশে আগুন লেগে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।

অন্যদিকে, রবিবার ভোরে বেইরুটের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। তেল আভিভের দাবি, কয়েকজন ইরানি কামান্ডারকে খতম করার জন্য এই হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের দাবি করেছে, ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১০। তবে এই হামলায় কোনও ইরানি কমান্ডারের মৃত্যু হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। এদিকে ইজরায়েলের সেনা একটি বিবৃতিতে দাবি করেছে, কুর্দ ফোর্সের লেবানন কর্পসের কমান্ডাররা ইসরায়েলের ভয়ংকর জঙ্গি হামলার চক্রান্ত করছিল। একইসঙ্গে তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের হয়েও কাজ করছিল। প্রসঙ্গত, গত সপ্তাহেই ইজরায়েল দাবি করেছিল, তেহরানে হামলা চালিয়ে তারা কুর্দ ফোর্সের কমান্ডার দাউদ আলি জাদেহকে হত্যা করেছে।

উল্লেখ্য, শনিবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন, প্রতিবেশীদের উপর আর হামলা চালাবে না ইরান। তিনি বলেন, “দেশের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী রাষ্ট্রগুলির উপর নতুন করে হামলা না চালানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। যদি ইরান সরাসরি তাদের দ্বারা আক্রান্ত না হয়, তাহলে তেহরানও আর হামলা চালাবে না।” এরপরই প্রতিবেশী দেশগুলির কাছে তিনি ক্ষমা চান। বলেন, “অন্য দেশগুলিকে আক্রমণ করার আমাদের কোনও ইচ্ছা নেই। সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে আমি ক্ষমাপ্রার্থী।” কিন্তু ২৪ ঘণ্টার কাটার আগেই প্রতিশ্রুতি ভঙ্গ করল ইরান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement