অনুপ্রবেশকারীদের বাংলাদেশে 'পুশব্যাকে'র প্রক্রিয়া শুরু করেছে ভারত। ওপার বাংলার দিক থেকে যা 'পুশইন'। যশোর সীমান্তে ভারত থেকে 'পুশইন' করা হচ্ছে এই খবর পেয়ে বুধবার বেনাপোলে সীমান্তে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটওয়ারি। অভিযোগ, সেই সময় তাঁর গাড়িতে হামলা হয়। পাটওয়ারি দাবি করেন, হামলায় চারজন আহত হয়েছেন। বুধবার দুপুর ১টা ১৫ নাগাদ এই হামলা হয়। এনসিপির অভিযোগের আঙুল বিএনপির দিকে। কী বলছে পুলিশ?
এক বিবৃতিতে এনসিপি জানিয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এই হামলা করা হয়। এতে তাঁদের দলের কয়েকজন নেতা-কর্মী আহত হন। তবে নাসিরুদ্দিন পাটওয়ারি ও যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক-সহ দলের অন্য নেতারা নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জানান, যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে 'পুশইন' চেষ্টার প্রতিবাদে দলের মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটওয়ারির নেতৃত্বে বুধবার দুপুরে তাঁরা সীমান্ত পরিদর্শন করেন। এই সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাদিপুর পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় কিছু যুবক গাড়িতে ডিম নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে দু'টি গাড়িতে করে তাঁরা বেনাপোল বাজারে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতারা হামলা করেন বলেও অভিযোগ করেন তিনি।
ফেসবুকে একটি কাচভাঙা গাড়ির জানালার ছবি পোস্ট দিয়ে নাসিরুদ্দিন পাটওয়ারি লিখেছেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক 'পুশইন' করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।’ তিনি আরও লেখেন, ‘ফেরার পথে আমাদের গাড়িতে হামলা করা হয়। গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ জন আহত। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।’
যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ধরনের কোনও হামলার ঘটনা ঘটেনি। যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেন বলেন, ‘এনসিপি নেতার গাড়িতে হামলা ও আহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। বরং নির্বিঘ্নে তাঁদের কর্মসূচি পালন করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়।’বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আশরাফ হোসেন বলেন, ‘পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। স্বাভাবিক পরিবেশেই এনসিপির কর্মসূচি শেষ হয়েছে। এ ধরনের কোনও হামলা ঘটেনি। এনসিপি নেতাদের অভিযোগ মিথ্যা।
