shono
Advertisement
Abhishek Banerjee

শাহকে 'হুমকি' দিয়ে আরও বিপাকে অভিষেক, শিলিগুড়িতে দায়ের নয়া মামলা

কয়েকদিন আগে শিলিগুড়ির এই থানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও শান্তিভঙ্গের উসকানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন এক আইনজীবী।
Published By: Kousik SinhaPosted: 08:09 PM Jun 13, 2026Updated: 08:41 PM Jun 13, 2026

আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায়। ভোটের প্রচারে উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। সেই অভিযোগেই এদিন তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ওই থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী। শুক্রবার রাতে ওই লিখিত অভিযোগ পুলিশের হাতে জমা পড়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে শিলিগুড়ির এই থানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও শান্তিভঙ্গের উসকানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন এক আইনজীবী।

Advertisement

ওই ব্যবসায়ীর প্রশ্ন, একজন সাংসদ কেমন করে আইন ভেঙে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন? এই মামলার বিষয়ে অবশ্য শিলিগুড়ির তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কার্যত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দল ভেঙে চুরমার হতে বিভিন্ন মামলায় জড়িয়ে পড়ছেন তৃণমূল নেতৃত্ব। একের পর এক গ্রেপ্তারও চলছে। ইডি, সিবিআই, সিআইডি-র সমন, তল্লাশির জেরে জেরবার দশা হয়েছে ছোট বড় তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী, পুরসভার কাউন্সিলর, পঞ্চায়েত প্রতিনিধিদের। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন শিলিগুড়ির ব্যবসায়ী সঞ্জয় কুমার সিংঘল। সদ্য সমাপ্ত নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে উসকানিমূলক এবং বেআইনি মন্তব্য করার অভিযোগে তিনি মামলা রুজু করেছেন। 

অভিযোগকারী ব্যবসায়ী জানান, গত ৪ মে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ির ছাদে অথবা মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে প্ররোচনামূলক মন্তব্য করেন। তৃণমূল যদি আবার ক্ষমতায় ফিরে আসত তবে রাজ্যে কি হতো সেটা সেদিনের উসকানিমূলক বক্তব্য থেকে স্পষ্ট। ওই ব্যবসায়ীর প্রশ্ন, একজন সাংসদ কেমন করে আইন ভেঙে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন? এই মামলার বিষয়ে অবশ্য শিলিগুড়ির তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে রাজনৈতিক মহলের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির একাধিক মামলার জালে জড়িয়ে পড়েছেন। প্রায় প্রতিদিন তাঁর বাড়ির কড়া নাড়ছে সিআইডি। এই মূহুর্তে বিধায়কদের সই জাল মামলা নিয়ে অভিষেক বেশি বিপাকে। এরমধ্যেই আজ, শনিবার সকালে 'যুবরাজে'র বাড়িতে তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ। তাঁর আপ্তসহায়ক সুমিত বিশ্বাসের বিরুদ্ধে বিপুল টাকা নয়ছয় করার অভিযোগ। সেই অভিযোগেই এদিন অভিষেকের কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এমনকী আমফানের ত্রাণ দুর্নীতিতেও নাম জড়িয়েছে তাঁর। এরই মধ্যেই শিলিগুড়ির নতুন মামলা ডায়মন্ড হারবারের সাংসদের অস্বস্তি আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement