এইমস কিংবা এইমস-এর মতো কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হাসপাতাল গড়ে তোলা হবে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলাতে! গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের প্রধান ইস্যু ছিল এটি। এই বিষয়ে বিজেপির সুকান্ত মজুমদার বিভিন্ন জায়গায় বার্তাও দিয়েছিলেন। কিন্তু এবারের কেন্দ্রীয় বাজেটেও উত্তরবঙ্গে কোনও হাসপাতাল তৈরির জন্য ঘোষণা হল না! এই নিয়ে ফের শুরু হল রাজনৈতিক চাপানউতোর। ভোটের আগে ফের মানুষকে হয়তো বিজেপি বোকা বানানোর চেষ্টা করবে, কটাক্ষ রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল নেতা বিপ্লব মিত্রের। পালটা কটাক্ষ করেছে বিজেপিও।
তিনদিক ঘেরা উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা। অভিযোগ, বামেদের সময়ে একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল স্বাস্থ্য ব্যবস্থা। রোগ নির্ণয়, চিকিৎসা, অস্ত্রোপচার সবটাই বাইরে করাতে হত রোগীর পরিজনকে। কথায় কথায় বাইরে রেফার করা ছিল এই হাসপাতালের চিকিৎসকদের প্রবণতা। পরবর্তীতে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরেই জোর দেওয়া হয় স্বাস্থ্য ব্যবস্থায়। জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির উদ্যোগ নেয় সরকার। দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাট হাসপাতালের পেছনে একটি বিশালাকৃতি ফাঁকা জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয় ১৪০ কোটি ব্যয়ে। এছাড়া গঙ্গারামপুরেও আরেকটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে।
রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, "বিজেপির জনপ্রতিনিধিরা ভোটের আগে ফের মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন হয়তো, কিন্ত সেসসব আর হবে না। এখনও পর্যন্ত এই জেলার জন্য তারা একটি মহিলা কলেজ, পলিটেকনিক কলেজ, ইঞ্জিনিয়ারিং কিংবা আইটিআই কলেজের কথা বলেননি। তারা এইমস করবেন তা ভাবনার অতীত।"
বিজেপি বেশ কয়েক বছর ধরেই প্রচার করে আসছে উত্তরবঙ্গে এইমস হাসপাতাল বা সেরকম ধাঁচে কেন্দ্রীয় হাসপাতাল হবে। প্রথমে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইএমস হাসপাতাল হওয়ার কথা প্রচার হয়েছিল। কিন্তু আজও তা হয়নি। গত লোকসভা নির্বাচনের আগে ফের উত্তরবঙ্গে বিজেপি এইএমস নিয়ে প্রচার শুরু করেছিলেন। সুকান্ত মজুমদার নিজেও এই ইস্যুতে প্রচার করেছিলেন বলে খবর। ভোট বৈতরণী পেরিয়ে গেলে বিজেপিও এই বিষয়ে উচ্চবাচ্য বন্ধ করে দিয়েছিল! এবার কেন্দ্রীয় বাজেটে কি উত্তরবঙ্গের হাসপাতাল তৈরির জন্য কোনও ঘোষণা থাকবে? সেই চর্চা উঠেছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে এমন কোনও ঘোষণা নেই। তারপরই আসরে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস।
বিজেপি বিধায়ক অশোককুমার লাহিড়ী বলেন, "জেলার হাসপাতালগুলিতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নেই। মানুষকে বাইরে যেতে হয় কথায় কথায়। রাজ্য সরকার আগে এসব সমস্যার সমাধান করুক। আমাদের কাজ আমরা যথা সময়ে করব।"
রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, "রায়গঞ্জে এইমস করায় দুরস্ত। তারা আবার বালুরঘাটের জন্য বলেছিলেন।" তাঁর কটাক্ষ, "বিজেপির জনপ্রতিনিধিরা ভোটের আগে ফের মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন হয়তো, কিন্ত সেসসব আর হবে না। এখনও পর্যন্ত এই জেলার জন্য তারা একটি মহিলা কলেজ, পলিটেকনিক কলেজ, ইঞ্জিনিয়ারিং কিংবা আইটিআই কলেজের কথা বলেননি। তারা এইমস করবেন তা ভাবনার অতীত।" পালটা বক্তব্য রেখেছেন বিজেপি বিধায়ক অশোককুমার লাহিড়ী। তিনি বলেন, "জেলার হাসপাতালগুলিতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নেই। মানুষকে বাইরে যেতে হয় কথায় কথায়। রাজ্য সরকার আগে এসব সমস্যার সমাধান করুক। আমাদের কাজ আমরা যথাসময়ে করব।"
