নিষিদ্ধ মাদক-সহ গ্রেপ্তার বিজেপি নেতা! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাই এলাকায়। ধৃত ওই বিজেপি নেতার নাম সুকুমার বর্মন, তিনি এলাকায় বিজেপির মণ্ডল সভাপতি পদে রয়েছেন। গতকাল, বৃহস্পতিবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে অভিযোগ। এদিকে আজ, শুক্রবার দুপুরে পুলিশের তরফে তাঁকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেস পুলিশকে কাজে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার করিয়েছে। এমন অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ওই বিজেপি নেতার পরিবারের সূত্রে জানানো হয়েছে, গতকাল দুপুর থেকে সুকুমার বর্মন নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান না মেলায় সন্ধ্যায় তাঁর স্ত্রী থানায় নিখোঁজের অভিযোগও দায়ের করেন। পুলিশ ওই অভিযোগ তুলে নিতে চাপ দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই ঘটনা নিএয় শুরু হয়েছিল রাজনৈতিক চাঞ্চল্য। তার মধ্যেই পুলিশ জানায় মাদক-সহ গ্রেপ্তার হয়েছেন ওই বিজেপি নেতা। আজ, শুক্রবার দুপুরে সাহেবগঞ্জ থানা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই কথা জানার পরেই শুরু হয়েছে আরও চাঞ্চল্য।
বমাল-সহ ধৃত।
পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত সুকুমার বর্মন মাদক পাচারের কাজে অভিযুক্ত। নিষিদ্ধ মাদক-সমেত তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে সুকুমার বর্মনের কাছ থেকে ৭৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত সুকুমার বর্মনকে এদিন কোচবিহারের এনডিপিএস আদালতে তোলা হয়।
