উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ করিমপুরের (Karimpur) বিধায়কের বিরুদ্ধে, ছাত্র-ছাত্রী ও ক্ষিপ্ত জনতা রাতে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এসব বিজেপির চক্রান্ত বলে জানায় বিধায়ক বিমলেন্দু সিংহরায়। অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাটি ঘটে রবিবার রাতে মুরুটিয়া থানার বালিয়াডাঙ্গা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় মুরুটিয়ার বালিয়াডাঙ্গা এলাকায় প্রাইভেট টিউশন শেষে বাড়ি ফিরছিলেন দ্বাদশ শ্রেণির বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী। সেই সময় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। অভিযোগ, হর্ন বাজানো সত্ত্বেও বিধায়কের গাড়িকে পথ ছাড়েনি তারা। গাড়ি থেকে নেমে ওই ছাত্রছাত্রীদের উপর চড়াও হন বিধায়ক। ছাত্রছাত্রীদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তাঁদের গায়ে বিধায়ক হাত তোলেন বলেও অভিযোগ। এরপরই এলাকার লোকজন বিধায়কের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুরুটিয়া থানার পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে।
বিক্ষোভে শামিল হয়ে ছাত্রছাত্রীরা দাবি করতে থাকেন বিধায়ককে বাড়ির মধ্যে না থেকে বাইরে এসে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বিমলেন্দু সিংহরায় জানান, "ছাত্রছাত্রীর সাথে কথা বলছিলাম সেই সময় এলাকার কিছু বিজেপি নেতা আমাকে হেয় করার চেষ্টা করে, ওদের চেষ্টা সফল হয়নি। আমি কোন অন্যায় কাজ করিনি। এই ঘৃণ্য কাজের সাথে আমি কোনওভাবেই যুক্ত নই। বিজেপি অনেক ভাবে আমাকে হেনস্তা করার চেষ্টা করেছিল কিন্তু ওরা সফল হয়নি।" বিমলেন্দু সিংহ রায়ের অভিযোগ অস্বীকার করে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, বিধায়ক নিজের দোষ ঢাকতে বিজেপির উপর দোষ চাপাচ্ছে। সত্য ঘটনাটি কি তা ছাত্রছাত্রী এবং গ্রামের মানুষ জানে। সাধারণ মানুষ সঠিক সময়ে এই মিথ্যাচারের জবাব দেবেন।
