রঞ্জন মহাপাত্র, কাঁথি: বোমা বাঁধার সময় বিস্ফোরণ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে কাঠগড়ায় বিজেপি। তৃণমূলের দাবি, এভাবে ভূপতিনগরকে ‘অপবিত্র’ করেছে পদ্মশিবির। প্রতিবাদ মিছিল তৃণমূলের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
অভিযোগ, বছরের প্রথম দিন ভূপতিনগরের নন্দের বাজার লাগোয়া রামচক গ্রামে বিমল বাড়ুই নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। আচমকাই বিস্ফোরণ ঘটে। তৃণমূলের দাবি, বিমল বাড়ুই বিজেপির সক্রিয় কর্মী। এলাকাকে অশান্ত করতেই বোমা বাঁধার কাজ চলছিল বলেই অভিযোগ। বিস্ফোরণে আহতরা তমলুকের বেসরকারি হাসপাতালে ভর্তি।
[আরও পড়ুন: বাস্তববোধ ছিল না, চিনের প্রতি রোম্যান্টিকতায় ভুগতেন নেহেরু! খোঁচা জয়শংকরের]
তৃণমূলে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পদ্মশিবিরের প্রাক্তন মণ্ডল সভাপতি বলেন, “লোকসভা নির্বাচনের আগে তৃণমূল এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা চালাচ্ছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তৃণমূল বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে।” এই ঘটনার প্রতিবাদে রামচক মোড়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। মিছিলে অংশ নেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, ব্লক সভাপতি অম্বিকেশ মান্না-সহ কর্মী-সমর্থকরা।
