ন্যক্কারজনক ঘটনা। ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ! ছাত্রীর ছবি, ভিডিও মোবাইলে তুলে রেখে ব্ল্যাকমেল! ওই ছবি, ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ। ফের কিশোরী ছাত্রীকে নির্যাতনের চেষ্টা করেছিল ওই 'গুণধর' শিক্ষক! তখনই এলাকার বাসিন্দারা তাঁকে পাকড়াও করে ধরে ফেলেন। পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম তরুণ মণ্ডল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং এলাকার বাসিন্দা ওই ছাত্রী। তার পরিবার ওই গৃহশিক্ষকের কাছে পড়তে পাঠিয়েছিল। অভিযোগ, ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোর করে শারীরিক সম্পর্কের চেষ্টা করত। শুধু তাই নয়, ওই ছাত্রীর গোপন ছবি, ভিডিও মোবাইল ফোন বন্দি করা হয়েছিল! ওই ছবি, ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। ভয়ের কারণে ওই ছাত্রী কাউকে কিছু বলতে পারেনি।
গতকাল, শনিবার সন্ধ্যায় ওই ছাত্রী গৃহশিক্ষকের বাড়িতে পড়তে গিয়েছিল। অভিযোগ, ওই ছাত্রীকে পড়া শেষে নির্জন মাঠের মাঝখানে গৃহশিক্ষক নিয়ে গিয়েছিল। সেসময় কিছু স্থানীয় ব্যক্তি তাদের দেখে ফেলে। সন্দেহ হওয়ায় অন্যান্যরা মাঠে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। গ্রামের বাসিন্দাদের দেখে ছুটে পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাড়া করে ওই অভিযুক্তকে পাকড়াও করা হয়। ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় ওই ছাত্রীর বাড়িতে। রাতেই ওই ছাত্রীর পরিবার ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ গ্রেপ্তার করেছে ওই অভিযুক্তকে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
