shono
Advertisement
Tollywood News

ইন্ডাস্ট্রিতে হাওয়া বদলের পরই প্রত্যাবর্তন 'মা' খ্যাত তিথির, গ্র্যান্ড কামব্যাক সব্যসাচী-দেবচন্দ্রিমারও!

সিনেপাড়ায় প্রত্যাবর্তন 'ফেলুদা' সব্যসাচী চক্রবর্তী থেকে 'মা' সিরিয়াল খ্যাত তিথি বসুর। কানাঘুষো, অভিনয়ে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায়ও।
Published By: Kasturi KunduPosted: 11:09 AM Jun 14, 2026Updated: 12:54 PM Jun 14, 2026

বহুদিন পর সিনেপাড়ায় প্রত্যাবর্তন 'ফেলুদা' সব্যসাচী চক্রবর্তী থেকে 'মা' সিরিয়াল খ্যাত তিথি বসুর। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো গ্র্যান্ড কামব্যাক করতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী। শোনা যাচ্ছে, একা নন স্বস্ত্রীক ফিরছেন 'ফেলুদা'। হ্যাঁ, সব্যসাচীর সঙ্গে দেখা যেতে পারে মিঠু চক্রবর্তীকেও। এবার প্রশ্ন কোন প্ল্যাটফর্মে দেখা যাবে মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তীকে? টলিপাড়ার গুঞ্জন, ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন ইন্ডাস্ট্রির 'পাওয়ার কাপল' সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী।

Advertisement

'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর তৃতীয় সিজনেই সম্ভবত অভিনয় করবেন তারকা দম্পতি। ক্যানসারের মতো মারণরোগের সঙ্গে লড়াইয়ের দীর্ঘদিন পর সিরিজে ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু চক্রবর্তী। তাঁদের চরিত্র কেমন হবে সে বিষয়ে অবশ্য এখনও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে রহস্যে মোড়া অচিন্ত্য সিরিজে 'ফেলুদা' নিশ্চয়ই রহস্য উন্মোচনের দায়িত্বে থাকবেন বলেই প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই শুরু হয়েছে সিরিজের শুটিং। তৃতীয় সিজন যে আরও জমজমাট হতে চলেছে তা বলাই বাহুল্য।

বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরছেন সব্যসাচী?

একদিকে সব্যসাচী ও মিঠু চক্রবর্তীর অভিনয়ে ফেরার গুঞ্জন জোরাল হয়েছে তখন অন্যদিকে প্রায় এক দশক পর দর্শকের দরবারে প্রত্যাবর্তন ছোট ঝিলিকের। হ্যাঁ, মা ধারাবাহিকের তিথি বসুর কথাই বলছি। তবে ছোট পর্দা নয়, বিগ স্ক্রিন বিগ ব্রেক পেলেন তিথি। পালাবদল হতেই বদলের বঙ্গে কাজের প্রস্তাব? সম্মতি জানিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে তিথি বলেন, "পরিস্থিতি এখন বদলেছে। আশা করি কাজ করতে আর কোনও সমস্যা হবে না। এতদিন তো দূরেই ছিলাম। এবার আশা করছি ছোট পর্দাতেও আমাকে দেখা যাবে। যদিও এখনও পর্যন্ত আমার কাছে ধারাবাহিক বা সিরিজের কোনও প্রস্তাব নেই। তবে আমি আশাবাদী। আপাতত আমি শেষ থেকে শুরু সিনেমার শুটিং করছি। অনেকদিন পর চেনা জায়গায় ফিরে ভীষণ ভালো লাগছে। আগামীতে ভালো চরিত্রের প্রস্তাবের অপেক্ষায় আছি।"

পর্দায় প্রত্যাবর্তন তিথির

বৈশাখী মজুমদারের নির্দেশনায় কাজ করছেন তিথি। ‘শেষের কবিতা’ অনুসরণে লেখা হয়েছে সিনেমার চিত্রনাট্য। ছবিতে নায়িকার ভূমিকায় নয়, দ্বিতীয় মুখ্য চরিত্রে দেখা যাবে তিথি বসুকে। লম্বা বিরতি কাটিয়ে ছোট পর্দায় ফিরছেন আরও এক বঙ্গতনয়া। তবে বাংলা নয়, হিন্দি ধারাবাহিকে দেখা যাতে পারে। তিনি আর কেউ নন, 'সাঁঝবাতি' খ্যাত দেবচন্দ্রিমা সিংহ রায়।

হিন্দি মেগায় কামব্যাক!

বহুদিন অভিনয় জগৎ থেকে দূরে। ইন্ডাস্ট্রির গুঞ্জন, হিন্দি মেগা 'ফিতুর'-এ দেখা যেতে পারে। যদিও এবিষয়ে জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, আগামী মাস থেকেই শুটিং শুরুর সম্ভবনা রয়েছে। উল্লেখ্য, এর আগে ‘সোহাগান চুড়েল’ নামক হিন্দি ধারাবাহিকে প্রথমবার অভিনয় করেছিলেন দেবচন্দ্রিমা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement