উরফি জাভেদ (Uorfi Javed) আর বিতর্ক যেন এক সুতোয় গাঁথা। ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ উরফির ফ্যাশন সেন্স বারবার উঠে আসে বিতর্কের কেন্দ্রে। সোশাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হয় উরফির নিত্যনতুন স্টাইল স্টেটমেন্ট, যা নিয়ে চর্চা চলে নিরন্তর। তবে বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে জীবনে এগিয়ে চলার আরেক নাম যেন উরফি জাভেদ। কোনও বিষয়ে মন্তব্য করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না। ব্যক্তিগতজীবনকেও অন্তরালে রাখার গোর বিরোধী উরফি। মোটা টাকার বিনিময়ে কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ প্রত্যাখ্যান করেছিলেন সেই সত্যিও সামনে আনলেন উরফি।
ইনস্টাগ্রামে খোদ উরফি জাভেদ একটি কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেন যেখানে এক ব্যক্তি তাঁকে কানের লাল কার্পেটে হাঁটার স্বপ্ন দেখান তবে সেটা সম্পূর্ণ শর্তসাপেক্ষ। ৮০ লক্ষ টাকার বিনিময়ে কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণের সুযোগ! হ্যাঁ, ৮০ লক্ষের বিনিময়েই কানের লাল গালিচায় হাঁটার স্বপ্নপূরণ করতে পারবেন। কিন্তু, টাকার অঙ্ক শুনে পায়ের নীচ থেকে যেন জমি সরে গিয়েছিল উরফির।
সোশাল মিডিয়ায় সেই চ্যাট ভাইরাল হতেই কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার জন্য মোটা অঙ্কের টাকাই সেতুবন্ধনের কাজ করে সেই নিয়ে নেটভুবনে শুরু ফিসফাস। ৮০ লক্ষ টাকা শুনে উরফির প্রতিক্রিয়া, 'কানে অংশগ্রহণের জন্য ৮০ লক্ষ টাকা লাগবে? আমি ভারতেই ভালো আছি। কান চলচ্চিত্র উৎসবের জন্য় সকলে এতটাই আকুল হয়ে থাকে যে ৮০ লক্ষ টাকাও দিতে রাজি!' বিগত কয়েক বছরে বহু ইনফ্লুয়েন্সারকে কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখা গিয়েছে যা নিয়ে একাধিক প্রশ্নও উঠেছে। তাঁরা কীভাবে কানের লাল গালিচায় যাওয়ার সুযোগ পান?
অনেকেই দাবি করেন, তাঁরা ব্র্যান্ডের সহযোগিতায় বা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পত্রের মাধ্যমেই সেখানে যান। তবে উরফির এই পোস্ট আরও একবার ‘পেইড এন্ট্রি’ নিয়ে জল্পনা বাড়িয়ে দিযল সে কথা বলার অপেক্ষাই রাখছে না। যদিও এখনও পর্যন্ত এই ধরনের কোনও প্রক্রিয়ার সরকারি নিশ্চিতকরণ নেই তবুও সোশাল মিডিয়ায় এ নিয়ে আলোচনা ক্রমশ জোরাল হচ্ছে।
