shono
Advertisement
KKR

আইপিএল শুরুর আগে বড়সড় চমক! কেকেআরে যোগ দিলেন সৌরভ

মুস্তাফিজুর রহমান নেই। চোটের ধাক্কায় ছিটকে যেতে হয়েছে হর্ষিত রানাকে। এরপর কলকাতা নাইট রাইডার্সকে ঘোরতর সমস্যায় ফেলে ছিটকে গিয়েছেন আকাশ দীপও। সেই কারণে দ্রুত পরিবর্ত বেছে নিতে হচ্ছে কেকেআর-কে। নাইটদের প্রথম ম্যাচ ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
Published By: Prasenjit DuttaPosted: 01:21 PM Mar 23, 2026Updated: 01:34 PM Mar 23, 2026

মুস্তাফিজুর রহমান নেই। চোটের ধাক্কায় ছিটকে যেতে হয়েছে হর্ষিত রানাকে। এরপর কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ঘোরতর সমস্যায় ফেলে ছিটকে গিয়েছেন আকাশ দীপও। সেই কারণে দ্রুত পরিবর্ত বেছে নিতে হচ্ছে কেকেআর-কে। মুস্তাফিজুরের জায়গায় ব্লেসিং মুজারাবানিকে সই করিয়েছিল তারা। এবার আকাশ দীপের পরিবর্ত পেয়ে গেল নাইটরা। বিদর্ভের বাঁহাতি পেসার সৌরভ দুবেকে নিচ্ছে কলকাতা। 

Advertisement

ইতিমধ্যেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন ২৮ বছরের এই পেসার। হর্ষিতের পর বাংলার পেসার আকাশ দীপ ছিটকে যাওয়ায় দেশীয় পেস বোলিং ইউনিটে চাপ বেড়েছিল। যার সামাল দিতেই দুবের অন্তর্ভুক্তি। ২০২২ সালের আইপিএলে ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সুযোগ পাননি। তবে এবার পরিস্থিতি আলাদা। দলের প্রয়োজনে তিনি বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পেতে পারেন।

গত ডিসেম্বরে আবু ধাবিতে মিনি নিলামে সৌরভের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। অবিক্রীত ছিলেন। শেষ পর্যন্ত আকাশদীপের পরিবর্ত হিসাবে কেকেআরে সুযোগ পাচ্ছেন তিনি। প্রাক্তন জাতীয় নির্বাচক সুব্রত বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, "সৌরভ অত্যন্ত প্রতিভাবান বাঁহাতি পেসার। ২০১৯ সালে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে বাংলাদেশ সফরে গিয়েছিল। ও বাড়তি বাউন্স আদায় করতে পারে। দু'দিকেই সুইং করাতে সক্ষম। নাইট রাইডার্স ম্যানেজমেন্টের এটা ভালো সিদ্ধান্ত।"

এখনও পর্যন্ত ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। ২০১৯ সালে ভারতের এমার্জিং এশিয়া কাপের দলে ছিলেন সৌরভ। নেপালের বিরুদ্ধে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। সেই প্রতিযোগিতায় সব মিলিয়ে তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন। এখনও হর্ষিত রানার পরিবর্ত ঘোষণা করেনি কেকেআর। মাথিশা পাথিরানার জন্যও অপেক্ষা করতে হচ্ছে তাদের। সন্দীপ ওয়ারিয়র, কেএম আসিফ, নভদীপ সাইনি, আকাশ মাধোয়াল, সিমরনজিৎ সিংয়ের মতো পেসারকে ট্রায়ালে দেখা হচ্ছে। এঁদের মধ্যে থেকে কাউকে পরিবর্ত হিসাবে নির্বাচিত করে ফেলা হতে পারেই বলে খবর। উল্লেখ্য, ১৮ মার্চ থেকে কলকাতায় প্রস্তুতি শিবির শুরু করেছে কেকেআর। নাইটদের প্রথম ম্যাচ ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement