কলকাতা নাইট রাইডার্সের কাছে প্লে-অফের অঙ্কটা এখন পরিষ্কার। বাকি থাকা চারটে ম্যাচে কোনও ভাবেই পয়েন্ট নষ্ট করা যাবে না। টানা চারটে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে দারুণভাবে প্রত্যাবর্তনও করেছে তিনবারের চ্যাম্পিয়নরা। তবে বুধবার রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কাজটা যে সহজ নয়, ভালোই জানে নাইট শিবির। কারণ কেকেআরের বিরুদ্ধে জিততে পারলে যে প্লে-অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া যাবে, তা অজানা নয় গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের।
রায়পুরে এবারই প্রথম আইপিএলের ম্যাচ হচ্ছে। রবিবার প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে আরসিবি। ফলে মাঠটা আর একেবারে অচেনা নয় তাদের জন্য। সেখানে কেকেআর প্রথমবার খেলবে রায়পুরে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, তা বাড়তি চ্যালেঞ্জ তাদের কাছে। তবে রায়পুরের উইকেট কিছুটা স্বস্তি দেবে কেকেআরকে। এমনিতে এবারের আইপিএলে নাইটদের জয়ের সরণিতে ফেরানোর প্রধান কারিগর দলের বোলিং। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, অনুকুল রায়, কার্তিক ত্যাগীরা ফর্মে রয়েছেন। বরুণের পায়ের চোট নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে মঙ্গলবার দলের সঙ্গে পুরোদমেই অনুশীলন করেছেন তিনি। রায়পুরে প্রথম ম্যাচে দেখা গিয়েছে, উইকেট একেবারেই পাটা নয়। আর সেখানে রান তাড়া করাও 'জলবৎ তরলং' না। বরং পৌনে দু'শো রানও লড়াই করার মতো স্কোর, যা আইপিএলের বর্তমান মানদণ্ডে অনেকটাই কম। ফলে বোলিং শক্তিতে ভরসা রাখা ক্ষেত্রে ইতিবাচক দিক, বলাই বাহুল্য। অবশ্য বেলিং ভালো আরসিবি-রও। বিশেষত ভুবনেশ্বর কুমার রয়েছেন স্বপ্নের ফর্মে। ৩৬ বছর বয়সেও তিনি বেগুনি টুপির দৌড়ে সবার প্রথমে। পাশাপাশি জশ হ্যাজেলউড, সুয়শ শর্মাদের সামলানোও সহজ হবে না।
নাইট জার্সিতে অবশেষে বড় রানের দেখা পেয়েছেন ফিন অরলেন। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছেন তিনি। লিগের গুরুত্বপূর্ণ পর্যায়ে যা স্বস্তি দিচ্ছে দলকে। সাংবাদিক সম্মেলনে এসে সহকারী কোচ শেন ওয়াটসনও বলছিলেন, "দারুণ সব শট রয়েছে ফিনের হাতে। কিন্তু একইসঙ্গে ও ব্যালেন্স করতে জানে। শেষ ম্যাচেই দেখুন। প্রথম বল থেকে চালানো শুরু করেনি। আগে পরিস্থিতি বুঝে, বোলারদের ক্ষমতা মেপে নিয়েছে। তারপর নিজের শক্তি অনুযায়ী শট খেলেছে। আগেও কাজ করেছি ওর সঙ্গে। দারুণ অভিজ্ঞতা।" ব্যাটারদের ফর্মে ফেরা প্রসঙ্গে ওয়াটসনের বার্তা, "শেষ কয়েকটা ম্যাচ থেকে শেখার উপর আমরা জোর দিয়েছি। প্রচুর আলোচনা হয়েছে দলের মধ্যে। আসলে এবার দলটা নতুন ভাবনা নিয়ে চলছে। ফলে কার ভূমিকা কী হবে, তা বুঝতে সবারই একটু সময় লেগেছে। এখন সব ঠিক আছে।" তবে বিরাটদের বিরুদ্ধে মাথিশা পাথিরানাকে খেলানো নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেননি নাইটদের সহকারী কোচ।
জোড়া হারের পর শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে বেশ খোশমেজাজে রয়েছে আরসিবি-ও। তবে তাদের অস্বস্তি হল শেষ দু'ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি বিরাট। ওয়াটসনও রসিকতা করে বলছিলেন, "বিরাটের দুর্বলতা নিয়ে সবাই পরিকল্পনা তৈরি করে। তবে ও জানে কীভাবে তার মোকাবিলা করতে হবে। যাই হোক, আমরা চাইব কাল যেন ও আবার একটা আগ্রাসী শট খেলে শুরুতেই। যেভাবে শট খেলে ও শেষ ম্যাচে দ্রুত আউট হয়েছে।"
