বিশ্বকাপের পরই দুঃসংবাদ ক্রিকেটপ্রেমীদের জন্য। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে আইপিএল। অন্তত তেমনটাই অনুমান ক্রিকেট মহলের। বোর্ডের এক শীর্ষকর্তার কথাতেও একই রকম ইঙ্গিত মিলেছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে গোটা বিশ্বেই জ্বালানি সংকট। বিশেষ করে ভারতের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কেন্দ্র ইতিমধ্যেই গ্যাসের সরবরাহ নিয়ন্ত্রণের লক্ষ্যে 'এসমা' জারি করেছে। এই পরিস্থিতিতে আইপিএলের মতো মহাযজ্ঞের আয়োজন সম্ভব কিনা, সেটা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। শোনা যাচ্ছে, নিতান্তই যদি আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আইপিএল পিছিয়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না বোর্ডের।
এ প্রসঙ্গে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল বলছেন, "আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। যেহেতু সবটা এখনও স্পষ্ট নয়, তাই এখনই কিছু বলার মতো জায়গায় আমি নেই। পরিস্থিতি যেদিকে এগোবে, সেই অনুযায়ীই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।" অর্থাৎ আইপিএল চেয়ারম্যান প্রকারান্তরে মেনে নিয়েছেন, সবটা বোর্ডের হাতে নেই। তিনিও নিশ্চিত করে বলতে পারছেন না যে গ্যাসের সংকটের কোনও প্রভাব আইপিএলে পড়বে না। কারণ, এত বড় টুর্নামেন্ট, হোটেল থেকে ড্রেসিংরুম, সর্বত্র গ্যাসের প্রয়োজন। তাছাড়া শুধু গ্যাসের সংকট কেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং টুর্নামেন্টের সঙ্গে যুক্ত সদস্যদের যাতায়াতটাও বড় সমস্যার। যার প্রভাব পড়েছে বিশ্বকাপেও।
তবে আইপিএল পুরোপুরি বন্ধ করার কথা এখনও ভাবছে না বোর্ড। শোনা যাচ্ছে, আইপিএল যাতে আয়োজন করা যায়, শেষ মুহূর্ত পর্যন্ত সেই চেষ্টা করা হবে।
