টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আহমেদাবাদ। স্টেডিয়ামে তারার মেলার মাঝেও আলাদাভাবে প্রচারের আলো কেড়ে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। প্রাক্তন ভারত অধিনায়কের উপস্থিতিতে যেন ম্লান হয়ে গিয়েছিল রিকি মার্টিনের মতো আন্তর্জাতিক তারকার দ্যুতি। প্রতিযোগিতায় সাফল্যের পথেও ধোনির পরামর্শ সাহায্য করছে টিম ইন্ডিয়া, যা প্রকাশ্যে এনেছেন সদ্য বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব।
অবসরের পর থেকে নিয়মিতভাবে প্রকাশ্যে আসেন না ধোনি। বাৎসরিক আইপিএলের বাইরে হাতে গোনা কয়েকটা ইভেন্টে পাওয়া যায় দু’ফরম্যাটে বিশ্বজয়ী অধিনায়ককে। সেই এমএসডি-ই হঠাৎ হাজির হয়েছিলেন গত বৃহস্পতিবার, ওয়াংখেড়েতে ভারত বনাম ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালে। মনে করা হয়েছিল, সেদিন শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকরের বিয়ে উপলক্ষে মুম্বই এসেছিলেন তিনি। তাই রাতে চলে আসেন ম্যাচ দেখতে। তবে সকলকে চমকে দিয়ে ফাইনালেও মাঠে আসেন ধোনি। শুধু তাই নয়, রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের ট্রফি নিয়েও মাঠে ঢোকেন তিনি। এবার তাঁর পরামর্শ নেওয়ার কথা জানালেন সূর্যকুমার।
ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের কথায়, “বিশ্বকাপের আগে একটা ইভেন্টে মাহিভাইয়ের সঙ্গে দেখা হয়। আইসিসি প্রতিযোগিতার মঞ্চে কেমন ভাবনাচিন্তা থাকা উচিত, তা নিয়ে সেখানে মাহিভাই কিছু পরামর্শ দিয়েছিল। বলেছিল যে, আমাদের টিমটা অসাধারণ। শুধু আমাদের সাহসী হতে হবে। সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা চ্যাম্পিয়ন হব। আর শেষ পর্যন্ত ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর মাহিভাইয়ের প্রতিক্রিয়া দেখতে দারুণ লাগছিল।”
ধোনি-রোহিতের পর তৃতীয় ভারতীয় হিসেবে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে বিশ্বজয়ী অধিনায়ক হয়েছেন সূর্য। দুই কিংবদন্তির সঙ্গে একাসনে বসা প্রসঙ্গে তাঁর বার্তা, “সর্বোচ্চ স্তরে নিজের নাম লেখাতে পেরে ভালোই লাগছে। এখন একটু একটু করে সেটা টের পাচ্ছি। ভবিষ্যতে দেশকে আরও ট্রফি জেতানোর চেষ্টা করব।” দু’বছর আগে এই ফরম্যাটে বিশ্বজয়ী ভারতীয় দলেও ছিলেন সূর্য। সেই জয়ই ফের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অনুঘটকের কাজ করেছে বলে মনে করছেন তিনি।
“পরপর দু’বার বিশ্বকাপ জিতে ভালোই লাগছে। এই অনুভূতি অনন্য। দু’বছর আগে বিশ্বকাপ জয়ের পর এত ভালো লেগেছিল যে ঠিক করে নিয়েছিলাম, এবার ঘরের মাঠে জেতার অনুভূতিটা কেমন তা জানতে হবে।” সূর্যর পরের লক্ষ্য ২০২৮ অলিম্পিক গেমসে সোনা জয়। পাশাপাশি সে বছর হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি ধরে রাখতে পারলে আরও ভালো লাগবে বলে মন্তব্য করেছেন তিনি। আপাতত কিছুদিন বিশ্রাম। তারপর ফের প্রস্তুতি শুরু করবেন সূর্য। এবার তাঁর নজরে আইপিএল।
