ম্যাচের মধ্যে মোবাইল ব্যবহার। তার জেরে শাস্তি হল রাজস্থান রয়্যালসের কর্তার। আইপিএলের ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও আরসিবি'র বিরুদ্ধে ম্যাচে এই কাণ্ড করেছেন রাজস্থান দলের ম্যানেজার রোমি ভিন্ডের। তাঁকে আর্থিক খেসারত দিতে হবে। সেই সময় বৈভবও তাঁর পাশে ফোনে উঁকি দিচ্ছিল। ১৫ বছর বয়সি ক্রিকেটারকেও কি শাস্তি দিল বিসিসিআই?
বোর্ডের দুর্নীতি দমন শাখা রাজস্থান রয়্যালসের ম্যানেজারকে আর্থিক জরিমানা করেছে। তবে সেটার পরিমাণ বিরাট কিছু নয়। অন্যদিকে ওই রিপোর্টে বৈভবকে (Vaibhav Sooryavanshi) নিয়ে কোনও শব্দ ব্যবহার করা হয়নি। ফলে তার কোনও শাস্তি হচ্ছে না। আগামী ম্যাচগুলো খেলতেও কোনও বাধা নেই।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার আরসিবি বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ চলাকালীন। সেসময়ে ২০২ রানের লক্ষ্য তাড়া করছিল রাজস্থান। আচমকাই দেখা যায়, রাজস্থান দলের ম্যানেজার রোমি ভিন্ডের স্টাফ ডাগআউটে বসে মোবাইলে কিছু দেখছেন। তাঁর ঠিক পাশেই ছিলেন ১৫ বছর বয়সি রাজস্থানের তারকা বৈভব সূর্যবংশী। তার দৃষ্টিও তখন মোবাইলের স্ক্রিনের দিকে।
আইপিএলের ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফেরা ডাগআউট বা ড্রেসিংরুমে মোবাইল ব্যবহার করতে পারেন না। ম্যাচ ফিক্সিং ঠেকাতেই এই নিয়ম। ওই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে বোর্ডের দুর্নীতি দমন এবং নিরাপত্তা বিভাগ। দ্রুত নোটিস দেওয়া হয় তাঁকে। যদিও রাজস্থান রয়্যালসের জবাব ছিল, ভিন্ডের শারীরিক সমস্যার কারণে ফোন নিয়ে ডাগআউটে গিয়েছিলেন। কারণ সিঁড়ি ভেঙে বারবার ওঠানামা করাটা তাঁর পক্ষে কঠিন। এর আগে তাঁর দুই ফুসফুস বিকল হয়ে গিয়েছিল। হাসপাতালেও থাকতে হয়েছিল।
