shono
Advertisement
MS Dhoni-Gautam Gambhir

'এবার তো হাসো!' বিশ্বজয়ের পর 'কোচ সাহেব'কে অনুরোধ ধোনির, জবাবে কী বললেন 'গুরু' গম্ভীর?

মহেন্দ্র সিং ধোনি ইনস্টাগ্রামে পোস্ট করছেন। তার উত্তর দিচ্ছেন গৌতম গম্ভীর। এরকমও হয়? একদিন আগেও এই দৃশ্যটা অবিশ্বাস্য ছিল। কিন্তু ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় মিলিয়ে দিল ভারতীয় ক্রিকেটের দুই ভিন্নমুখী স্রোতকে।
Published By: Arpan DasPosted: 02:48 PM Mar 09, 2026Updated: 04:40 PM Mar 09, 2026

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ইনস্টাগ্রামে পোস্ট করছেন। তার উত্তর দিচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এরকমও হয়? একদিন আগেও এই দৃশ্যটা অবিশ্বাস্য ছিল। কিন্তু ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় মিলিয়ে দিল ভারতীয় ক্রিকেটের দুই ভিন্নমুখী স্রোতকে। সোশাল মিডিয়ায় ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক গম্ভীরকে একটু হাসতে বললেন। উত্তরে কী লিখলেন ওই দুই বিশ্বকাপের ফাইনালের সেরা ক্রিকেটার তথা বর্তমান দলের কোচ?

Advertisement

ফাইনালে বল গড়ানোর আগে ট্রফি হাতে মাঠে ঢোকেন দুই বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। দুই প্রিয় তারকা দেখে উচ্ছ্বসিত দর্শক। ফাইনালের পর ভারতীয় দলের ট্রফিজয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মাহি। লেখেন, ‘আহমেদাবাদে ইতিহাস তৈরি হল। ভারতীয় দল, সাপোর্ট স্টাফ এবং বিশ্বব্যাপী ভারতীয় সমর্থকদের অভিনন্দন। ওদের খেলতে দেখা দারুণ অভিজ্ঞতা। কোচ সাহেব, এভাবেই হাসিখুশি থাকো। তোমার মুখে হাসি দেখতে ভালো লাগে। ইনটেনসিটির সঙ্গে হাসি একেবারেই কিলার কম্বো। দারুণ কাজ। সবাই উপভোগ কর। (আর বুমরাহকে নিয়ে নতুন করে কিছু না লেখাই ভালো। চ্যাম্পিয়ন বোলার)।’

জবাবে গম্ভীর লেখেন, 'হাসার তো এবার কারণ পাওয়া গেল। তোমাকে দেখে ভালো লাগল।' আসলে ধোনি নিজে খুব একটা সোশাল মিডিয়ায় থাকেন না। তিনি ইনস্টাগ্রামে পোস্ট করছেন, এটা দুর্লভ এক ঘটনা। তবে ভারত গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরও পোস্ট করেছিলেন। অন্যদিকে গৌতম গম্ভীরের সঙ্গে ধোনির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন চর্চা ছিল। আবার তিনি খুব একটা হাসেন না বলে দুর্নাম আছে। সেখানে ধোনির পোস্টের কমেন্টে 'হাসবেন' বলে জানালেন গম্ভীর।

উল্লেখ্য, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত জিতেছিল ধোনির নেতৃত্বে। আর বিশ্বজয়ের পর গম্ভীর নিজে লিখেছেন, 'এটা শুধু ঈশ্বরের পরিকল্পনা নয়। এটা ১৪০ কোটি ভারতীয়র পরিকল্পনা। সব প্লেয়ারই বিশ্ব চ্যাম্পিয়ন।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement