মাঠে এখন হার্দিক পাণ্ডিয়ার ছায়াসঙ্গী (Hardik Pandya Girlfriend) মাহিকা শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup Final) জয়ের পর মাঠেই হার্দিককে চুমু খেলেন মাহিকা। না, এখন আর শুধু বান্ধবী নন। মাহিকা এখন তাঁর 'স্ত্রী'। বিশ্বকাপ ফাইনালের পর মাঠেই তাঁকে 'মিসেস'-এর মর্যাদা দিলেন ভারতীয় অলরাউন্ডার।
২০২৪ সালে নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক। তারপর জীবনে বহু উত্থানপতন এসেছে। তারপর তাঁর হাত ধরেছেন মাহিকা। এমনকী ছেলে অগস্ত্যর সঙ্গেও যথেষ্ট 'ভাব' মাহিকার। হার্দিকের ম্যাচ থাকলে স্টেডিয়ামে মাহিকাকে দেখা যাওয়াটাই নিয়মিত ঘটনা হয়ে গিয়েছে। সেমিফাইনালেও প্রেমিকের পুত্রকে কোলে নিয়ে ম্যাচ দেখেন মাহিকা। একসঙ্গে টেনশন করলেন, একসঙ্গে সেলিব্রেশনও করলেন। একযোগে গলা ফাটান হার্দিকের ভালোবাসার দু’জন মানুষ।
এবার আরও এক পা এগোলেন হার্দিক। ফের বিশ্বকাপ জিতে ট্রফির সামনে হাত ছড়িয়ে চেনা ভঙ্গিতে 'পোজ' দিলেন তিনি। আর ধরা পড়লেন প্রেমিকার বাহুডোরে। মাহিকাও ভালোবাসায় ভরিয়ে দিলেন হার্দিককে। জড়িয়ে ধরে গালে চুমু এঁকে দিলেন তিনি। তারপর হার্দিক বললেন, "যেদিন থেকে মাহিকা আমার জীবনে এসেছে, তারপর থেকে আমার জীবনে সব কিছু ভালো হচ্ছে। আমি শুধু সামনের দিকে এগিয়ে চলেছি। মাহিকার কথা তো আলাদা করে বলতেই হয়। আমার স্ত্রী পাশে ছিল বলেই সম্ভব হল।"
হার্দিক আরও বলেন, "আমি আরও দশ বছর খেলতে পারব। আমি আরও ১০টা ট্রফি জিততে চাই। এই জয়টা আমার জন্য খুব আবেগের। কারণ দেশের লোকের সামনে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা দারুণ। আমি কাল থেকেই জানতাম, আমরা চ্যাম্পিয়ন হব। আমার আত্মবিশ্বাস ছিল, এর থেকে অন্য কোনও ফল হতেই পারে না। ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছেন। চুপ করে নিজের কাজ করে যাও। তাহলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যাবে।"
