ক্রিকেট বিশ্বে এখন ভারতেরই রাজ। টানা দু’বার বিশ্বজয় করে এ কথা আরও একবার বুঝিয়ে দিয়েছে সূর্যকুমার যাদবরা। প্রথম দল হিসাবে টানা তিনবার বিশ্বকাপ জেতার পর ফের পাকিস্তানকে খোঁচা দিলেন বরুণ চক্রবর্তী? ইনস্টাগ্রামে তিনি মজার একটা ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফি হাতে চায়ের কাপে চুমুক দিচ্ছেন ভারতীয় স্পিনার। সেই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে জায়। তাতে মজার মন্তব্য করেন নেটিজেনরা।
২০২৫ সালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতার পর বরুণ চক্রবর্তী একই রকম একটি ছবি পোস্ট করেছিলেন। সেই সময় পিসিবি প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল। তাই চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি না নিয়েই ফিরে আসে টিম ইন্ডিয়া। পরের দিন চায়ের কাপ নিয়ে একটি ছবি পোস্ট করে বরুণ চক্রবর্তী। দেখা যায় একটি বিছানায় তিনি শুয়ে। পাশে এশিয়া কাপ ট্রফির জায়গায় চায়ের কাপ রাখা। সেখানে লেখেন, এশিয়া কাপ ট্রফি নিয়ে ছবি তোলার ইচ্ছা ছিল তাঁর। সেটা না হওয়ায় এটা দিয়েই কাজ চালিয়েছেন।
এবার বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে চায়ের কাপ হাতে একেবারে বেতাজ বাদশার মতো ছবি পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার 'রহস্য স্পিনার'। নেটিজেনরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে কেউ লিখছেন, 'এশিয়া কাপ ট্রফি এখন কোথায়? কাপ কোথায় রেখেছেন নকভি?' অর্থাৎ এশিয়া কাপ নিয়ে পুরনো বিতর্ক আবারও উসকে উঠেছে। আরেকজনের কথায়, 'ট্রফিচোর নকভিকে মোক্ষম জবাব দিয়েছেন।' উল্লেখ্য, এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও চায়ের কাপ হাতে ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, 'এই কাপের স্বাদ পেতে অনেকটা পথ হাঁটতে হয়েছে।'
উল্লেখ্য, এই বিশ্বকাপে বরুণ চক্রবর্তীর অফ ফর্ম। বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার হয়েও চূড়ান্ত ব্যর্থ। জশপ্রীত বুমরাহর স্পঙ্গে যুগ্মভাবে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হলেও প্রবল মার খেয়েছেন। দিয়েছেন ৩১ ওভারে ২৮৭ রান। এর মধ্যে সেমিফাইনালে ৪ ওভারে দিয়েছিলেন ৬৪ রান। ফাইনালে ১ উইকেট পেলেও ৩ ওভারে দিয়েছেন ৩৯ রান দেন। যা আইপিএলের আগে চিন্তায় রাখবে তাঁকে। সমর্থকদের আশা, দ্রুত খারাপ ফর্ম কাটিয়ে উঠবেন তিনি।
