shono
Advertisement
ICC team of the tournament

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি, ভারত থেকে কে কে সুযোগ পেলেন?

আইসিসির সেরা একাদশে অধিনায়ক হিসাবে রাখা হয়েছে মার্করামকে, ভালো খেলেও ব্রাত্য একাধিক ভারতীয় তারকা।
Published By: Subhajit MandalPosted: 07:44 PM Mar 09, 2026Updated: 07:44 PM Mar 09, 2026

চ্যাম্পিয়নের মতো খেলে ফের বিশ্বচ্যাম্পিয়নের খেতাব পেয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা ম্যাচ হারলেও প্রশ্নাতীতভাবে টুর্নামেন্টের সেরা দল হিসাবে উঠে এসেছে ভারত। ঠিক সময়মতো জ্বলে উঠেছেন সূর্যকুমার যাদবরা। যার সুবাদে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তবে আইসিসির টুর্নামেন্টের সেরা দলে জায়গা পেলেন মাত্র ৪ ভারতীয়। বাকি অনেককেই বঞ্চিত হতে হল।

Advertisement

বিশ্বকাপ শেষের ২৪ ঘণ্টার মধ্যেই টুর্নামেন্টের সেরা দল বেছে নিল আইসিসি। সেই দলে ভারত থেকে চারজন সুযোগ পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড থেকে দু'জন করে সুযোগ পেয়েছেন। একজন করে সুযোগ পেয়েছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন। দ্বাদশ ব্যক্তি হিসাবে সুযোগ পেয়েছেন আমেরিকার শ্যাডলি ভ্যান শ্যালউইক।

বিশ্বকাপের সেরা দুই ওপেনার হিসাবে সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান এবং সঞ্জু স্যামসন। ফারহান টুর্নামেন্টে জোড়া সেঞ্চুরি করেছেন, ৩৮৩ রান করে তিনিই সর্বোচ্চ স্কোরার। সঞ্জু স্যামসন দলে আসার পরই বদলে যায় ভারতীয় দলের খেলার গতি। তৃতীয় ব্যাটার হিসাবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল, দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন তিনি। মাত্র পাঁচ ম্যাচে তাঁর সংগ্রহ ৩২১ রান। ভারতীয় টপ অর্ডারে এবার নজর কেড়েছেন ঈশান কিষানও। টুর্নামেন্টে ৩১৭ রান করা ব্যাটারকেও সেরা একাদশে রেখেছে আইসিসি।

মিডল অর্ডার ব্যাটার হিসাবে সেরা দলে বাছা হয়েছে এডেন মার্করাম, হার্দিক পাণ্ডিয়া, উইল জ্যাকস এবং জেসন হোল্ডারকে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এরা প্রত্যেকেই বলটাও করে দিতে পারেন। তবে শিবম দুবে, অক্ষর প্যাটেলরা টুর্নামেন্টে দারুন পারফর্ম করলেও সেরা একাদশে তাদের রাখেনি আইসিসি।

পেস বিভাগের নেতৃত্বে প্রত্যাশিতভাবেই রয়েছেন জশপ্রীত বুমরাহ। তিনি যে কেন বিশ্বসেরা, সেটা এই টুর্নামেন্টে আরও একবার বুঝিয়েছেন বুমরাহ। তাঁর সঙ্গে রয়েছেন লুঙ্গি এনগিডি, এবং জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি। প্রত্যেকেই টুর্নামেন্টে নজর কেড়েছেন। একমাত্র স্পিনার হিসাবে এই দলে বাছা হয়েছে আদিল রশিদকে। দ্বাদশ ব্যক্তি হিসাবে থাকছেন আমেরিকার শ্যাডলি ভ্যান শ্যালউইক। বরুণ চক্রবর্তী, মিচেল স্যান্টনারদের কেন সুযোগ দেওয়া হল না, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। 

বিশ্বকাপের সেরা একাদশ
সাহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, এডেন মার্করাম (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জশপ্রীত বুমরাহ, লুঙ্গি এনগিডি, আদিল রশিদ, ব্লেসিং মুজারাবানি, শ্যাডলি ভ্যান শ্যালউইক (দ্বাদশ ব্যক্তি)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement