আমজনতার কাছে তাঁরা পাওয়ার কাপল। একসঙ্গে তাঁদের দেখে ভালোবাসার মানে খুঁজে পান অনেকে। কোনও এক অদৃশ্য জাদুকাঠিতে আজও একে অপরের ভালোবাসায় বুঁদ হয়ে রয়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। কিন্তু তাঁরা একে অপরের ফোন নম্বর কী নামে সেভ করেছেন? অনেকেই আদরের ডাক নাম দিয়ে স্বামী-স্ত্রী'র ফোন নম্বর সেভ করেন। বিরুষ্কাও কি সেই পথের পথিক?
২০১৭ সালে ইটালিতে চুপিসারে বিয়ে সারেন বিরাট-অনুষ্কা। আপাতত ভারতের পাট প্রায় চুকিয়ে ফেলেছেন তাঁরা। লন্ডনে সংসার পেতেছেন। তবে আইপিএলের জন্য আপাতত দু'মাস বিরাট থাকবেন ভারতে। প্রত্যেক বছরই এই সময়টা বিরুষ্কাকে নানা সাক্ষাৎকার এবং ইভেন্টে দেখা যায়। সেরকমই এক সাক্ষাৎকারে এসেছিলেন তারকা দম্পতি। তাঁদের দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, একে অপরের নম্বর ফোনে কী নামে সেভ করেছেন?
উত্তরে তারকা ক্রিকেটার বলেন, "আমি তো ডার্লিং বলে সেভ করেছি।" অনুষ্কাও কম যান না। তিনি বলে বসেন, "আমি তো পতি পরমেশ্বর বলে সেভ করেছি।" সঙ্গে জুড়ে দেন, "ও জি, সুনিয়ে জি-এসবও বলি।" অর্থাৎ আমজনতার মতোই স্বামীকে 'ওগো', 'শুনছ' ইত্যাদি বলেন অনুষ্কা। কিন্তু এটা কি আদৌ সত্যি? ভুল ভাঙিয়ে দেন তারকা দম্পতি নিজেরাই। তাঁরা বলেন, প্রশ্নের উত্তরে যা বলেছেন সবই ভুল। কারণ অনুষ্ঠানের নিয়মই ছিল, ভুল উত্তর দিতে হবে। স্রেফ ফোন নম্বর সেভ করা নয়, আরও নানা প্রশ্ন করা হয়েছিল বিরুষ্কাকে। সব প্রশ্নেই মজার জবাব দিয়েছিলেন তাঁরা।
উল্লেখ্য, গত বছর আইপিএল জিতেছিল বিরাটের দল আরসিবি। ১৮ বছরের খরা কাটিয়ে আনন্দে ভেসেছিলেন কিং কোহলি। সেই সেলিব্রেশনে হাজির ছিলেন অনুষ্কাও। চলতি আইপিএলেও বেশ ভালো ফর্মে রয়েছেন বিরাট। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের ৬৯ রানে অপরাজিত ছিলেন। ওই ম্যাচ শেষ হতে স্ত্রী অনুষ্কাকে চুমু ছুড়ে দেন। পরের দুই ম্যাচ চেন্নাই এবং রাজস্থানের বিরুদ্ধে ২৮ এবং ৩২ রানের ইনিংস খেলেছেন। আরসিবিও রয়েছে ভালো ছন্দে।
