আয়নার সামনে দাঁড়াতেই অবাক! নিজেকে অচেনা লাগছে? চোখ-মুখ ফোলা। ত্বকের টানটান ভাবটাও উধাও! মনে দুশ্চিন্তা জাগছে? জাগাটাই স্বাভাবিক। আমাদের জীবনযাত্রায় সামান্য এদিক-ওদিক হলেই শরীর জানান দেয়। কসমেটিক ডার্মাটোলজিস্টদের মতে, ওয়াটার রিটেনশনের কারণেই মুখ এমন ফুলে ওঠে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। হাতের কাছে থাকা স্টিলের চামচে দিয়েই এই সমস্যার সমাধান সম্ভব। কীভাবে? জানুন।
ছবি: সংগৃহীত
কেন ফোলে মুখ?
চিকিৎসকদের মতে, অতিরিক্ত লবণ খাওয়া, শরীরে জলের অভাব কিংবা পর্যাপ্ত ঘুমের অভাব— এই তিনটিই হল মুখ ফোলার প্রধান কারণ। বিশেষ করে রাতে ভারী খাবার, প্রক্রিয়াজাত খাদ্য বা মদ্যপানের অভ্যাস থাকলে পরের দিন সকালে তার প্রভাব পড়ে ত্বকে। যদি দেখেন সারা দিনের কাজের মাঝে ধীরে ধীরে ফোলা ভাব কমে আসছে, তবে বুঝবেন এটি সাময়িক সমস্যা। তবে এই ফোলা ভাব যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা অ্যালার্জির লক্ষণও হতে পারে।
দ্রুত সমাধান মিলবে কীভাবে?
হঠাৎ কোনও অনুষ্ঠানে যেতে হবে অথচ মুখ ফোলা? ঝটপট সমাধান পেতে এই পদ্ধতিগুলো ট্রায়াল দিতে পারেন।
ছবি: সংগৃহীত
১) ঠান্ডা চামচ: দুটি স্টিলের চামচ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এবার সেই ঠান্ডা চামচ চোখের নিচে ও গালে আলতো করে চেপে ধরুন। নিমেষেই ফোলা ভাব কমবে।
২) বরফ জল: ঘুম থেকে উঠে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন। চাইলে আইস প্যাক বা কোল্ড কম্প্রেসও ব্যবহার করতে পারেন।
৩) ম্যাসাজ: আঙুলের ডগা দিয়ে খুব হালকা ভাবে মুখে ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং জমে থাকা তরল সরে যায়।
৪) পর্যাপ্ত জল: শরীর হাইড্রেটেড থাকলে জল জমার প্রবণতা কমে। তাই সারা দিন নিয়ম করে জল পান করুন।
ফাইল ছবি
যা এড়িয়ে চলবেন
রাতে দেরিতে খাওয়ার অভ্যাস ত্যাগ করা জরুরি। পাশাপাশি স্ক্রিন টাইম কমানো এবং লবণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
কখন সতর্ক হবেন?
যদি দেখেন মুখের ফোলা ভাবের সঙ্গে লালচে ছোপ, চুলকানি কিংবা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি করবেন না। এটি তীব্র অ্যালার্জির লক্ষণ হতে পারে। এমন অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সাধারণ নিয়ম মেনে চললে আর ঘরোয়া টোটকা ব্যবহার করলে আপনার ত্বক থাকবে সতেজ ও সুন্দর। কোনও বাড়তি খরচ ছাড়াই ফিরবে আত্মবিশ্বাস।
