আজীবন সমর্থন করেছেন ইস্টবেঙ্গলকে। জীবনের শেষ পডকাস্টেও আলোচনা করেছেন লাল-হলুদ শিবিরের উন্নতি নিয়ে। সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছে ইস্টবেঙ্গল। প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার টিফো নিয়ে এলেন লাল-হলুদ ভক্তকুল। অভিনেতাকে শেষশ্রদ্ধা জানালেন তাঁর প্রিয় ক্লাবের ম্যাচেই।
‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন ৪৩ বছরের অভিনেতা। সমুদ্রে জোয়ার আসার সময়ে তলিয়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই চিরঘুমে চলে যান অভিনেতা। পুত্র সহজের নামে বেশ কিছুদিন ধরে পডকাস্ট শুরু করেছিলেন রাহুল। সেই ‘সহজ কথা’র শেষ এপিসোডে রাহুলের আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল।
ওই পডকাস্টে অতিথি হিসাবে এসেছিলেন অভিনেতা তথা বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাহুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কয়েকমিনিট আগেই সহজ কথার ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করা হয় ব্রাত্য বসুর সঙ্গে তাঁর কথোপকথনের কিছু অংশ। সেই ক্লিপেই দেখা যায়, ইস্টবেঙ্গলের উন্নতি নিয়ে আলোচনা করছেন দুই অভিনেতা।
রাহুলের প্রয়াণের খবর পেয়ে শোকজ্ঞাপন করেছিল ইস্টবেঙ্গল। সোশাল মিডিয়ায় লেখা হয়, ‘সারাজীবন ধরে লালহলুদের একনিষ্ঠ সমর্থক ছিলেন অভিনেতা রাহুল। তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।' শুধু তাই নয়, রাহুলের শেষযাত্রায় তাঁর নিথর দেহের পাশে রাখা হয় লাল-হলুদ পতাকা। ফুটবলপ্রেমী রাহুলের প্রয়াণের পর বৃহস্পতিবারই প্রথমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে রাহুলকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ টিফো নিয়ে এলেন লাল-হলুদ ভক্তকুল।
অভিনেতাকে শেষশ্রদ্ধা জানিয়ে লাল-হলুদ জনতার বার্তা, 'গ্যালারির আকাশে এক বিষণ্ণ সূর্যোদয়, লাল-হলুদ হৃদয়ে অমর অরুণোদয়।' মাঠে গিয়ে বহুবার ইস্টবেঙ্গলের ম্যাচ দেখেছেন রাহুল। ট্রফিখরা কাটিয়ে দল ঘুরে দাঁড়াবে বলেও আশা রাখতেন তিনি। সেই স্বপ্ন কি মাঠে নেমে পূরণ করতে পারবে ইস্টবেঙ্গল?
