shono
Advertisement
Jose Ramirez Barreto

মাত্র ৯ দিনে চার ম্যাচ! কলকাতা লিগের সূচি নিয়ে ক্ষুব্ধ কোচ ব্যারেটো, বাতিল ইস্টবেঙ্গলের ম্যাচও

'এইভাবে চলতে থাকা কলকাতা লিগকে কি আদৌ পেশাদার লিগ বলা যায়? ছোট দলগুলির মুখ খোলা উচিত এই নিয়ে', তোপ ব্যারেটোর।
Published By: Anwesha AdhikaryPosted: 01:06 PM Jul 21, 2026Updated: 04:07 PM Jul 21, 2026

একটা সময়ে মোহনবাগানের জার্সিতে খেলেছেন দাপটের সঙ্গে। আপাতত তিনি কোচের চেয়ারে। কলকাতা লিগে তাঁকে দেখা যাচ্ছে জর্জ টেলিগ্রাফের কোচ হিসাবে। কিন্তু সেই হোসে রামিরেজ ব্যারেটো (Jose Ramirez Barreto) ক্ষোভ উগরে দিলেন টুর্নামেন্টের সূচি নিয়ে। জানালেন, মাত্র ৯ দিনের ব্যবধানে চারটে ম্যাচ খেলতে হচ্ছে তাঁর দলকে।

Advertisement

দিনকয়েক আগেই সিএফএল নিয়ে মুখ খুলেছিলেন সবুজ তোতা। ফেসবুকে লিখেছিলেন, 'কলকাতা লিগের নিয়ম নিয়ে কিছু কথা বলতে চাই হৃদয় থেকে। একে তো নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হল লিগ। কিন্তু এখন দেখে মনে হচ্ছে লিগ শেষ করার তাড়া পড়েছে। পরের ম্যাচ কবে খেলতে হবে, জানি না। ফলে প্রস্তুতি, ফুটবলারদের রিকভারি-কোনও কিছুরই ঠিক নেই। আবার বড় দলগুলি নিজেদের সব ম্যাচ খেলছে ঘরের মাঠে। সবমিলিয়ে প্রশ্ন উঠছে, এইভাবে চলতে থাকা কলকাতা লিগকে কি আদৌ পেশাদার লিগ বলা যায়? ছোট দলগুলির মুখ খোলা উচিত এই নিয়ে।'

মঙ্গলবার অবশ্য বেশি কিছু বলেননি ব্যারেটো। ফেসবুকে নিজের একটি ক্লান্ত ছবি পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশন, '৯ দিনে ৪টে ম্যাচ।' সঙ্গে ক্লান্তির ইমোজি। অন্যদিকে, মঙ্গলবার কলকাতা লিগে বেহালা এসএসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল। কিন্তু একদিনের নোটিসে সেই ম্যাচ স্থগিত করা হয়েছে। ধর্মতলা চত্ত্বরে '২১ জুলাই'-এর একাধিক সভা থাকায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে আইএফএ। এই ম্যাচের কথা মাথায় রেখে ফরোয়ার্ড ডেভিড লালহানসাঙ্গাকে লিগের জন্য রেজিস্টার করিয়েছিল লাল-হলুদ।

অন্যদিকে, সোমবার প্রবল বৃষ্টিতে মাঠ খারাপ থাকায় ঘরোয়া লিগে মহামেডান বনাম পুলিশ এসি ম্যাচ বাতিল হয়ে যায়। গতবারের ব্যর্থতার রেশ কাটিয়ে এবারের ঘরোয়া লিগে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে মহামেডান। কিন্তু খারাপ মাঠের জন্য সাদাকালো ব্রিগেডের ম্যাচ বাতিল হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement