গরম পড়লেই শরীর যেন ধীরে ধীরে হয়ে পড়ে ক্লান্ত। একটু হাঁটলেই অনেকের ধরে হাঁপ, কাজের মাঝে দেখা দেয় অবসাদ, কখনও কখনও ভোগায় জলশূন্যতা- এসব গরমের খুব পরিচিত ছবি। এ সময় শরীরকে শুধু ঠান্ডা রাখাই নয়, ভেতর থেকে হাইড্রেটেড রাখাও জরুরি। আর এর জন্য আপনার হাতের কাছেই রয়েছে খুব সাধারণ দু'টি জিনিস। ডাবের জল আর আমলা শট।
গরমে শরীর থেকে ঘামের সঙ্গে প্রচুর জল ও খনিজ বেরিয়ে যায়। এর ফলে শুধু শরীরই নয়, মস্তিষ্কের কার্যক্ষমতাও কমে যেতে পারে। ত্বক হয়ে পড়ে নিস্তেজ, শরীর লাগে দুর্বল, এমনকী মনোযোগেও ঘটে ব্য়াঘাত। তাই এ সময় শুধু জলপানই যথেষ্ট নয়, শরীরে এমন কিছু দরকার, যা দ্রুত শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে।
ছবি: সংগৃহীত
ডাবের জল এই পরিস্থিতিতে প্রাকৃতিক স্যালাইনের কাজ করে। এতে থাকা পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম শরীরে ফ্লুইড বা তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ঘামের ফলে শরীর যে খনিজ হারায়, ডাবের জল তা দ্রুত পূরণ করতে পারে। তাই গরমে বাইরে থেকে ফিরে বা হালকা ব্যায়ামের পর এক গ্লাস ডাবের জল শরীরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। শুধু তাই নয়, হালকা অ্যাসিডিটি বা পেটের অস্বস্তিতেও এটি দেয় উপশম।
অন্যদিকে আমলকি, আকারে ছোট হলেও এর স্বাস্থ্য উপকারিতা টেক্কা দেবে অনেক ফলকেই। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গরমে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে আনতেও আমলকি দারুণ কার্যকর। জলের সঙ্গে অল্প পরিমাণ শুকনো আমলকির গুঁড়ো বা রস মিশিয়ে শট হিসেবে খেলে শরীরে ফেরে সতেজতা, যা ধীরে ধীরে কাটায় দুর্বলতা।
ছবি: সংগৃহীত
তবে আলাদা আলাদা না খেয়ে, একসঙ্গে খেলে বেশি উপকার। ডাবের জলের সঙ্গে এক চামচের কম আমলকির গুঁড়ো মিশিয়ে নিলে একদিকে যেমন ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ হয়, অন্যদিকে শরীর পায় অ্যান্টি-অক্সিডেন্ট ও ইমিউনিটি বুস্ট। চাইলে এতে সামান্য আদাও যোগ করতে পারেন, যা হজম প্রক্রিয়াকে করে ভালো।
তবে মনে রাখতে হবে, সব ভালো জিনিসই পরিমিত হলে উপকারী। ডাবের জল খালি পেটে পান করা গেলেও, আমলার শট সাধারণত খাবারের পরে পান করা বেশি উপযোগী। যাদের কোনও নির্দিষ্ট শারীরিক সমস্যা বা অ্যালার্জি আছে, তাদের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
গরমে শরীরকে ভালো রাখতে কঠিন কোনও কিছুর দরকার নেই। সহজ, পরিচিত কিছু জিনিস যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে সেগুলোই হয়ে ওঠে সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। ডাবের জল আর আমলকির ছোট সংযোজন আপনার প্রতিদিনের রুটিনে এনে দিতে পারে স্বস্তি আর ভেতর থেকে একধরনের ঠান্ডা অনুভূতি।
