প্রতিরক্ষা প্রস্তুতি ও দেশ গঠনের লক্ষ্যে নয়া উদ্যোগ কেন্দ্রের। দেশজুড়ে ১০০টি নতুন সেনা স্কুল খোলার ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুধু তাই নয়, দেশে এনসিসি ক্যাডারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর দাবি, সরকারের এই উদ্যোগের লক্ষ্য হল যুবকদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের মূল্যবোধ জাগানো।
হীরক জয়ন্তি বর্ষ উপলক্ষে উত্তরাখণ্ডের এক সেনাস্কুলে উপস্থিত হয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমরা এনসিসিতে নিয়োগের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়েছি। আগে যেখানে ১৭ লক্ষ নিয়োগ হত সেটা বাড়িয়ে ২০ লক্ষ করা হয়েছে। এর ফলে আরও বেশি শিশু দেশগঠনের লক্ষ্যে প্রয়োজনীয় মূল্যবোধ শেখার সুযোগ পাবে।" পাশাপাশি গোটা দেশে সেনা স্কুলের সংখ্যা আরও বাড়ানোর বার্তা দিয়ে রাজনাথ সিং বলেন, "সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে দেশজুড়ে ১০০টি নতুন সেনাস্কুল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।" তাঁর কথায়, "এই প্রতিষ্ঠানগুলি শুধু দেশের যুবকদের প্রতিরক্ষা ক্ষেত্রে এগিয়ে আসার জন্যই প্রস্তুত করে না, বরং বিভিন্ন সেবামূলক ক্ষেত্রে নেতৃত্ব পালনে সক্ষম করে তোলে।"
দেশজুড়ে ১০০টি নতুন সেনা স্কুল খোলার ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুধু তাই নয়, দেশে এনসিসি ক্যাডারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
শুধু তাই নয়, সেনা স্কুলে মেয়েদের সুযোগ করে দেওয়ার সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি করে রাজনাথ সিং বলেন, "সরকারের এই উদ্যোগ নিশ্চিতভাবে এক ঐতিহাসিক পদক্ষেপ। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে এটা যুগান্তকারি উদ্যোগ। আমাদের দেশের মহিলা ক্যাডারদের সাফল্য প্রমাণ করছে, দেশের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে ছেলেদের সমান।"
উল্লেখ্য, সেনা স্কুল বা আর্মি পাবলিক স্কুল হল ভারতের সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান। যা সেনানিবাস এলাকায় অবস্থিত। এই স্কুলগুলিতে কঠোর শৃঙ্খলা, ভালো শিক্ষার পাশাপাশি শিশুদের নিয়মানুবর্তীতার পাঠ দেয়। বেশিরভাগ স্কুল CBSE পাঠক্রম অনুসরণ করে। এবং এই স্কুলগুলি সেনা সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেয়।
