shono
Advertisement
Manipur

বীরেনে আস্থাভঙ্গ! নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে মণিপুর, গোষ্ঠী সংঘাত ভুলে শান্তি ফিরবে ‘চিত্রাঙ্গদার দেশে’?

মণিপুরের হিংসা থামাতে ব্যর্থ হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁর বিরুদ্ধে বারবার গর্জে উঠেছিল বিরোধীরা। এই পরিস্থিতিতে ২০২৪-এর শেষ দিন মণিপুরে রক্তক্ষয়ী হিংসার জন্য রাজ্যের সমস্ত নাগরিকের কাছে ক্ষমা চেয়েছিলেন বীরেন।
Published By: Subhodeep MullickPosted: 07:49 PM Feb 03, 2026Updated: 08:24 PM Feb 03, 2026

একবছর রাষ্ট্রপতি শাসনের পর অবশেষে নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে মণিপুর। সূত্রের খবর, উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপির মুখ হচ্ছেন ইউমনাম খেমচাঁদ সিং। দীর্ঘ হিংসা পেরিয়ে এবার কি তাহলে শান্তি ফিরবে মণিপুরে? এই প্রশ্নটিই এখন জোরাল হচ্ছে।

Advertisement

সোমবার জরুরি তলবে দিল্লিতে আসেন মণিপুরের এনডিএ বিধায়করা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁরা একটি বৈঠক করেন। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল মণিপুরে সরকার গড়তে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। অবশেষে মঙ্গলবার জানা গেল, মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন খেমচাঁদ। তিনি মেইতেই সম্প্রদায়ভুক্ত।

২০২৩ সাল থেকে ভয়াবহ হিংসার আগুনে জ্বলেছে মণিপুর। মৃত্যু হয়েছে ৩০০-র বেশি মানুষের, ঘরছাড়া লক্ষাধিক। মেইতেই ও কুকি সম্প্রদায়ের সেই সংঘর্ষ পেরিয়ে বর্তমানে কিছুটা শান্ত উত্তর-পূর্বের এই রাজ্য। ফলে সরকার গঠন হলে মণিপুরে যাতে নতুন করে হিংসা না ছড়ায় তার জন্য বিজেপির পরিকল্পনা মেইতেই সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী ও কুকি সম্প্রদায় থেকে উপমুখ্যমন্ত্রী বেছে নেওয়া। তাতেই যেন সিলমোহর পড়ল। যদিও উত্তর-পূর্বের এই রাজ্যের উপমুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, মণিপুরের হিংসা থামাতে ব্যর্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁর বিরুদ্ধে বারবার গর্জে উঠেছিল বিরোধীরা। এই পরিস্থিতিতে ২০২৪-এর শেষ দিন মণিপুরে রক্তক্ষয়ী হিংসার জন্য রাজ্যের সমস্ত নাগরিকের কাছে ক্ষমা চেয়েছিলেন বীরেন। এরপর থেকেই তাঁর গদি টলমল করছিল। অবশেষে চাপের মুখে গত বছর ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বীরেন। তারপর প্রাথমিকভাবে ছ’মাসের জন্য মণিপুরে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন। কিন্তু পরে সেই মেয়াদ বৃদ্ধি করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি সেখানে শেষ হচ্ছে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ। সূত্রের খবর, তারপরই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন খেমচাঁদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement