shono
Advertisement
PM Modi in Assam

শ্রমিক মনে সিঁধ কাটছে কংগ্রেস! চা পাতা তুলে 'চাওয়ালা' মোদি বললেন, 'অসমে হ্যাটট্রিক করছি'

Assam Assembly Elections 2026: ডিব্রুগড়ের একটি চাবাগানে যান তিনি। মহিলা শ্রমিকদের সঙ্গে চাপাতা তোলেন। সেলফিও তোলেন মহিলা চা শ্রমিকদের নিয়ে। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী।
Published By: Anwesha AdhikaryPosted: 02:27 PM Apr 01, 2026Updated: 03:41 PM Apr 01, 2026

একটা সময়ে পেশায় চা বিক্রেতা ছিলেন, এমনটাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ভোটমুখী অসমে গিয়ে তিনি নেমে পড়লেন চা বাগানে। শ্রমিকদের সঙ্গে পাতা তুলতেও দেখা গেল প্রধানমন্ত্রীকে। তারপর নির্বাচনী প্রচারে নেমে অসমবাসীকে ধন্যবাদ দিয়ে বললেন, 'আপনাদের আশীর্বাদে প্রধানমন্ত্রী হওয়ার হ্যাটট্রিক করেছি। এবার অসমেও হ্যাটট্রিক করবে বিজেপি।' এমনকী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে 'রাজকুমার' বলে কটাক্ষও করেন তিনি।

Advertisement

মঙ্গলবার অসমে নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। তার পরদিনই অসমে পা রেখেছেন মোদি (PM Modi)। ডিব্রুগড়ের একটি চাবাগানে যান তিনি। মহিলা শ্রমিকদের সঙ্গে চাপাতা তোলেন। সেলফিও তোলেন মহিলা চা শ্রমিকদের নিয়ে। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী। ক্যাপশনে লেখেন, 'অসমের আত্মার সঙ্গে জড়িয়ে রয়েছে চা। গোটা বিশ্বে অসমের চা রপ্তানি করা হয়।' মোদি আরও বলেন, চা শ্রমিকদের কঠোর পরিশ্রমের ফলেই গর্বিত হয়েছে অসম। উল্লেখ্য, অসমে অন্তত ৩৫ লক্ষ ভোটার রয়েছেন চা বলয়ে। সরকার গঠনে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চাবাগানে নেমে পড়ে চা শ্রমিকদের মন জয় করতে চাইছেন মোদি, মত বিশ্লেষকদের। 

চাবাগানে সফর শেষ করে প্রধানমন্ত্রী পৌঁছে যান গোগামুখের নির্বাচনী সভায়। সেখানেই বলেন, "আমার সামনে থাকা জনসমুদ্রই বলে দিচ্ছে, অসমে এবার হ্যাটট্রিক করবে বিজেপি। আপনাদের আশীর্বাদে আমি প্রধানমন্ত্রী হিসাবে হ্যাটট্রিক করেছি। এবারও আপনারা আশীর্বাদ করবেন, বিজেপি হ্যাটট্রিক করবে। গত ১০ বছর ধরে সর্বানন্দ সোনেওয়াল এবং হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অসমে উন্নতির নতুন যুগ শুরু হয়েছে। তাই এবার অসমে বিজেপি হ্যাটট্রিক করতে চলেছে। একই সঙ্গে কংগ্রেসের স্বঘোষিত রাজকুমার এখানে হারের হ্যাটট্রিক করবে।"

আগামী ৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন। মঙ্গলবার দলীয় ইস্তেহার প্রকাশ করে বিজেপি। সেখানে গেরুয়া শিবিরের প্রতিশ্রুতি, ভোটে জেতার তিন মাসের মধ্যে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি। ৩১টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যবাসীকে। তার মধ্যে অন্যতম হল অভিন্ন দেওয়নি বিধি লাগু, ‘লাভ জেহাদ’ ও ‘ভূমি জেহাদ’-এর বিরুদ্ধে কঠোর আইন। অহমিয়া জনতার ঐতিহ্য ও অধিকার রক্ষার জন্য আইনগত সুরক্ষা জোরদার করার প্রতিশ্রুতিও দিয়েছে। মোদি বলছেন, বিজেপির এই ইস্তেহার আসলে অসমবাসীর মঙ্গলপত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement