চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমান তেজস। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন পাইলট। সেই ঘটনার পর প্রায় ৩০টি এক আসন বিশিষ্ট এই যুদ্ধবিমানকে বসিয়ে দেওয়া হয়। অবশেষে দু’মাস পর বায়ুসেনায় ফিরতে চলেছে তেজস।
কিন্তু প্রশ্ন হল - কবে থেকে ফের আকাশে উড়তে চলেছে দেশীয় এই যুদ্ধবিমান? তেজসের প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল)-এর ডিরেক্টর ডি কে সুনীল জানিয়েছেন, সফটওয়্যার সংক্রান্ত ত্রুটির কারণে তেজসগুলিতে সমস্যা দেখা দিয়েছিল। সেগুলি মেরামত করা হয়েছে। সবকটি যুদ্ধবিমানই এখন নিরাপদ। আগামী বুধবার অর্থাৎ ৮ এপ্রিল থেকে ফের সেগুলি আকাশে উড়বে বলে জানিয়েছেন তিনি। আগামী ডিসেম্বরের মধ্যে আরও ২০টি তেজস বায়ুসেনাকে সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, বায়ুসেনার অত্যন্ত ভরসার যুদ্ধবিমান তেজস। আকাশে শত্রুপক্ষকে কাবু করতে এর জুড়ি মেলা ভার। অতীতে বারবার সে কথা প্রমাণ করেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস। ঘাটতি মেটাতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড (হ্যাল)-কে ৮৩টি তেজস যুদ্ধবিমান তৈরির বরাত দিয়েছিল প্রতিরক্ষামন্ত্রক। পরে আরও ৯৭টি তেজস তৈরির বরাত দেওয়া হয়।
উল্লেখ্য, এই যুদ্ধবিমান প্রথম দুর্ঘটনার কবলে পড়েছিল ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেঢ়ের কাছে। যদিও শেষ মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন পাইলট। দ্বিতীয়বার দুবাইতে এয়ার শো চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে তেজস। এই দুর্ঘটনায় শহিদ হন বায়ুসেনার উইং কমান্ডার নমন স্যাল। এরপর ফেব্রুয়ারি মাসে ফের দুর্ঘটনার কবলে পড়ে তেজস। যদিও সেই বার বরাতজোরে বেঁচে যান পাইলট।
